অবশেষে ঠিক হলো চামড়ার দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অবশেষে এবারের কোরবানিতে জবাই হওয়া পশুর চামড়া কেনার দাম ঠিক করে দিয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তিন সংগঠন। এবার গত বছরের চেয়ে কম দাম নির্ধারণ করেছে সংগঠনগুলো।
নির্ধারিত দর অনুযায়ী, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৭৫ থেকে ৮০ এবং ঢাকার বাইরের চামড়া ৬০ থেকে ৭০ টাকায় কিনতে হবে। প্রতি বর্গফুট খাসির চামড়া ৩০ থেকে ৪০ এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর মহিষের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা।
এই দর নির্ধারণ করেছে ট্যানারি মালিকদের দুই সংগঠন বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রাজধানীর ধানমন্ডিতে বিএফএলএলএফইএর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এই দাম নির্ধারণ করা হয়।
দাম নির্ধারণের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান।
আন্তর্জাতিক বাজারে চামড়ার দরপতনের অজুহাত দেখিয়ে এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণে আগ্রহী ছিল না চামড়াসংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো। তবে গত ৩০ সেপ্টেম্বর এই ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চামড়ার দাম শুক্রবারের মধ্যে নির্ধারণ করার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনগুলো বৈঠক করে দাম নির্ধারণ করেছে। আজ শুক্রবার সকালে বিএফএলএলএফইএ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।
কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে গত বছরও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিশ্ববাজারের দোহাই দিয়ে দাম নির্ধারণ করতে চাননি ব্যবসায়ীরা। পরে তৎকালীন বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের হস্তক্ষেপে দাম নির্ধারণ করেন তাঁরা।
ওই বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৮৫ থেকে ৯০ ও ঢাকার বাইরে ৭৫ থেকে ৮০, খাসির চামড়া ৫০ থেকে ৫৫ ও বকরির চামড়া ৪০ থেকে ৪৫ এবং মহিষের চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়।
এবার চামড়ার দাম গত বছরের চেয়ে কম নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের দরপতনের। তাঁরা বলছেন, সব সময়ই বেঁধে দেওয়া দামের চেয়ে বাজারে ৫ থেকে ১০ টাকা বেশি দামে চামড়া বেচাকেনা হয়। সে কারণেই তাঁরা ওই পরিমাণ টাকা হাতে রেখেই দামটা নির্ধারণ করেছেন। কারণ, বেশি দাম নির্ধারণ করলে তা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো না।
টিপু সুলতান অবশ্য মনে করেন, দাম বেঁধে দেওয়ায় এবার কোরবানির চামড়া নিয়ে কোনো জটিলতা হবে না। তিনি বেঁধে দেওয়া দামের মধ্যেই চামড়া কিনতে মাঠপর্যায়ের ক্রেতাদের অনুরোধ করেন।
আড়তদারদের সমিতির এই নেতা বলেন, গ্রীষ্মকালে কোরবানি হলে চামড়া ভালোভাবে সংরক্ষণ করতে হয়। নইলে চামড়া নষ্ট হয়ে যায়। গত বছর ১৫ থেকে ২০ শতাংশ চামড়া নষ্ট হয়ে গিয়েছিল। সে কারণে চামড়া সংগ্রহের ১০ ঘণ্টার মধ্যেই লবণ দিয়ে তা সংরক্ষণ করার পরামর্শ দেন তিনি।
এবার কোরবানির ঈদে জবাই হওয়া পশু থেকে ৭৫ থেকে ৮০ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ব্যবসায়ী সংগঠনগুলো।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চামড়ার চাহিদার ৪৮ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদের সময়। গত বছর কোরবানিতে সারা দেশে ৬৫ লাখ ৩৯ হাজার ২০৮টি গবাদিপশু জবাই হয়। এর মধ্যে গরু ৩৩ লাখ ১২ হাজার ৮৫১টি, ছাগল ২২ লাখ ৪৬ হাজার ৮৮৬ এবং অন্যান্য ৩৮ হাজার ৩৭টি। তবে ব্যবসায়ীদের হিসাবে তা ছিল আনুমানিক ৭০ লাখ।
প্রতি বর্গফুটের দাম