অবশেষে ডিএসইতে এমজেএল তালিকাভুক্ত হতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারের প্রস্তাবিত মূল্য কমানোর শর্তে এমজেএল বাংলাদেশ লিমিটেডকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, এমজেএলের শেয়ারের প্রস্তাবিত মূল্য ছিল ১৫২ টাকা ৪০ পয়সা। মৌলভিত্তির তুলনায় এ মূল্য বেশি হওয়ায় কোম্পানি ৩৭ টাকা ৪০ পয়সা প্রাথমিক বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার (রিফান্ড ওয়ারেন্ট) সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানির শেয়ারের পুনর্নির্ধারিত মূল্য দাঁড়াবে ১১৫ টাকা। ফলে কোম্পানিটির শেয়ার অতি মূল্যায়িত বলে যে অভিযোগ ছিল, তা আর থাকবে না। পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থও সংরক্ষিত হবে। তাই কোম্পানিটিকে তালিকাভুক্ত করতে আর কোনো বাধা নেই। শাকিল রিজভী আরও বলেন, এমজেএল বিনিয়োগকারীদের রিফান্ড ওয়ারেন্টের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার ১৫ দিনের মধ্যে কোম্পানিটির লেনদেনের তারিখ ঘোষণা করা হবে। তবে এর আগে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে কোম্পানিটিকে তালিকাভুক্ত করার শর্ত হিসেবে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশনা দিয়েছিল, তা প্রত্যাহারের প্রয়োজন হবে। এমজেএলের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের স্বার্থেই তাঁরা কোম্পানির প্রস্তাবিত মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আশা করা যায়, এতে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হবে। কিন্তু বাজারের সাম্প্রতিক ধসের পর কোম্পানিটির শেয়ার অতি মূল্যায়িত হয়েছে বলে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি কোম্পানিটির তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করে। এরপর বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার শর্তে কোম্পানিটিকে তালিকাভুক্ত করতে এসইসির প্রতি নির্দেশনা দেয় সরকার। এরই অংশ হিসেবে তালিকাভুক্তির শর্ত হিসেবে এমজেএল বিনিয়োগকারীদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ও সর্বোচ্চ ১০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু এ ঘোষণায় ডিএসইসহ সংশ্লিষ্ট পক্ষ সন্তুষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত তালিকাভুক্তির শর্ত হিসেবে শেয়ারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে এমজেএল। এর ফলে কোম্পানিটিকে বিনিয়োগকারীদের ১৪৯ কোটি ৬০ লাখ টাকা ফেরত দিতে হবে। উল্লেখ্য, প্রতিটি শেয়ারের প্রস্তাবিত মূল্য ১৫২ টাকা ৪০ পয়সা হিসাবে কোম্পানিটি বাজার থেকে মোট ৬০৯ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছিল। সংবাদ ব্রিফিংয়ে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র উপস্থিত ছিলেন।