অবশেষে ডিএসইর ভুল সূচকটি সরানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সরিয়ে নেওয়া হচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভুল বার্তাবহ সাধারণ সূচকটি। আগামী ১ আগস্ট পুরোনো এই সূচকটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হবে। এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে ডিএসই ওয়েবসাইটে ডিএসইএক্স ও ডিএস ৩০ নামের নতুন দুটি সূচক প্রদর্শিত হবে। গতকাল সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় পুরোনো সূচক সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৭ জানুয়ারি ডিএসইর ভুলে ভরা সাধারণ সূচকের পরিবর্তে নতুন সূচক ডিএসইএক্স চালু করা হয়। সেদিনই জানানো হয়েছিল, বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সুবিধার্থে নতুন সূচকের পাশাপাশি পুরোনো সূচকটিও তিন মাস প্রদর্শন করা হবে। কিন্তু ছয় মাস পরে এসে সেটি সরিয়ে নিতে যাচ্ছে ডিএসই কর্তৃপক্ষ। জানা গেছে, সূচক ব্যবস্থাপনার বিষয়ে ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এস অ্যান্ড পির একটি চুক্তি করার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় ডিএসইর সূচকবিষয়ক কমিটি মত দিয়েছিল, চুক্তি না হওয়া পর্যন্ত বা কমপক্ষে আরও এক প্রান্তিক (তিন মাস) নতুন ও পুরোনো উভয় সূচকই প্রদর্শিত হোক। কিন্তু শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনের পরিপ্রেক্ষিতে পুরোনো সূচকটি দ্রুত সরিয়ে ফেলার দাবি ওঠে। কারণ, দরপতনের কারণে নতুন ও পুরোনো সূচকের ব্যবধানটা ছিল চোখে পড়ার মতো। এটি বিনিয়োগকারীদের মধ্যেও একধরনের বিভ্রান্তি তৈরি করেছে। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে মৌখিকভাবে ডিএসইকে বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল ডিএসই সূচকটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। ডিএসইর পুরোনো সূচকটি ছিল ভুলে ভরা। গ্রামীণফোনের তালিকাভুক্তির পর সূচকে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে। এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদনও প্রকাশ হয়। ওই প্রতিবেদনের পর ভুল সূচকটি সংশোধনে উদ্যোগী হন সংশ্লিষ্ট ব্যক্তিরা।