অবশেষে দেশে সমন্বিত বাণিজ্যনীতি হচ্ছে
অবশেষে দেশে একটি সমন্বিত বাণিজ্যনীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশে কোনো সমন্বিত বাণিজ্যনীতি নেই। বর্তমানে আলাদাভাবে রয়েছে আমদানি ও রপ্তানিনীতি। দুটি নীতিই তিন বছর মেয়াদি। এর মধ্যে রপ্তানিনীতির কোনো আইনি ভিত্তি নেই; যেমনটি রয়েছে আমদানিনীতির। রপ্তানিনীতি মানা না-মানা নির্ভর করে অনেকটাই রপ্তানিকারকদের মর্জির ওপর।সরকারের নীতিনির্ধারণী মহল অবশ্য এখন একটি বাণিজ্যনীতি প্রণয়নে সক্রিয় হয়েছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান উদ্যোগী হয়েছেন এ ব্যাপারে। আমদানি ও রপ্তানি এমনকি বিনিয়োগের বিষয়েও সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও চিন্তার প্রতিফলন থাকবে এই বাণিজ্যনীতিতে। ২০০৩ সালে তৎকালীন সরকারও এ রকম একটি উদ্যোগ নিয়েছিল। কিন্তু নানা কারণে তা আর এগোয়নি।বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘অনেক দেশেই বাণিজ্যনীতি রয়েছে। আমাদের দেশেও করা যায় কি না, চেষ্টা করে দেখছি।’ সমন্বিত বাণিজ্যনীতি না থাকায় বাণিজ্যসংশ্লিষ্ট অনেক বিষয়ে অসুবিধার সম্মুখীন হতে হয় বলেও মন্তব্য করেন তিনি।আর বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, হঠাৎই বাণিজ্যনীতি প্রণীত হয়ে যাবে, বিষয়টি এ রকম নয়। সিপিডি একটি রূপরেখা তৈরি করছে। এরপর সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও বিনিয়োগকারী—সবার সঙ্গেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বিপরীত মতামতও আসতে পারে। কারও অসম্মতিতে বাণিজ্যনীতি প্রণয়ন করা হবে না। আর এত তাড়াহুড়াও করা হবে না। স্বাভাবিক কারণেই এতে একটু সময় লাগবে।জানা গেছে, ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাকে মাথায় রেখে এই বাণিজ্যনীতি প্রণয়নের একটি রূপরেখা তৈরির কাজ করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।ক্যাটালিস্টের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় সিপিডিকে এই দায়িত্ব দিয়েছে সরকার। গত আগস্ট থেকে সিপিডি কাজ শুরু করেছে। বাণিজ্যনীতির ওপর একটি রূপরেখা বা প্রতিবেদন আগামী ফেব্রুয়ারির মধ্যে তৈরি করে বাণিজ্য মন্ত্রণালয়ে তা দাখিল করার কথা সিপিডির।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সহসভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক নাজনীন আহমেদ রূপরেখা প্রণয়নের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এ ছাড়া রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রপ্তানি) মনোজ কুমার রায় এবং যুগ্ম সচিব (আমদানি) শওকত আলী ওয়ারেছী।মনোজ কুমার রায় প্রথম আলোকে বলেন, দেশে একটি বাণিজ্যনীতি প্রণয়নের চেষ্টা চলছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগে রূপরেখা তৈরি অর্থাৎ কীভাবে, কী করা হবে, তার কাজ চলছে। তবে ব্যবসায়ী তথা দেশের স্বার্থে ভালো হলেই প্রণীত হবে বাণিজ্যনীতি।তবে আইনি কাঠামোর মধ্যে অন্তত রপ্তানিসংশ্লিষ্ট নীতিগুলোকে না রাখাই উচিত বলে মনে করেন মনোজ কুমার রায়।যা থাকছে: জানা গেছে, বাণিজ্যনীতির রূপরেখা তৈরির আগে আমদানিনীতি ২০০৯-২০১২ এবং রপ্তানিনীতি ২০০৯-২০১২-এর ধারা ও উপধারাগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করা হচ্ছে।এ ছাড়া এ দুই নীতি থেকে বাণিজ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা বর্তমানে কী প্রণোদনা পেয়ে আসছেন, কী তাঁদের পাওয়া উচিত, নীতি দুটিতে কী কী দুর্বলতা রয়েছে, সংশ্লিষ্ট পণ্যগুলোর শুল্ককাঠামো কী আছে, কীই বা হওয়া উচিত, প্রাথমিকভাবে এসব বিষয় বিশ্লেষণ করা হচ্ছে।দেশীয় এবং রপ্তানিমুখী উভয় শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কী কী প্রতিযোগিতার সম্মুখীন হন, কী কী প্রতিবন্ধকতার সামনে পড়েন তাঁরা, সেগুলোও চিহ্নিত করা হচ্ছে সম্ভাব্য বাণিজ্যনীতির রূপরেখায়। এতে উল্লেখ থাকবে সরকারি ও বেসরকারি পর্যায়ের বাণিজ্যসংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা-অদক্ষতার বিষয়গুলোও।জানা গেছে, কর্মসংস্থানকে সমন্বিত বাণিজ্যনীতির প্রথম অগ্রাধিকার খাত বলে বিবেচনা করা হচ্ছে। রূপরেখা তৈরিতে কর্মসংস্থানের পাশাপাশি গত ১০ বছরের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির (জিডিপি) হার, দেশীয় বাজারে উৎপাদন খাতের অবদান, পরিবেশ ইত্যাদি বিষয়কেও বিবেচনায় নেওয়া হচ্ছে।আমদানি, রপ্তানি ও বিনিয়োগ—তিনটি বৃহত্তর শ্রেণীতে ভাগ করে এর মধ্যে চিহ্নিত করা হচ্ছে ৩১টি খাতকে।বাণিজ্যনীতির রূপরেখা প্রণয়নের সঙ্গে যুক্ত সিপিডির গবেষণা বিভাগের প্রধান খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্যনীতি প্রণয়ন করবে সরকার। বাণিজ্যসংশ্লিষ্ট দেশের বিদ্যমান বিভিন্ন নীতির বিশ্লেষণ করে আমরা একটা রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করছি। সে জন্য বিভিন্ন দেশের বাণিজ্যনীতিগুলো গভীরভাবে দেখা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন নীতির সঙ্গে মিল রেখেই বাণিজ্যনীতির রূপরেখা তৈরি করা হচ্ছে।’আন্তমন্ত্রণালয়ের বৈঠকগুলোতে যেসব বিষয় আলোচিত হয় বা যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়। বৈঠকে মেনে এলেও পরে আর তা কার্যকর করা হয় না। এ বিষয়ে কিছু সুপারিশ থাকবে খসড়া রূপরেখায়।খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিদ্যমান দুই নীতিতে যেসব বিষয় উল্লেখ করা আছে, সেগুলোর ব্যাপারে খুব বেশি দ্বিমত পোষণ করা হবে না। নীতির কোনো আমদানিসহায়ক বা রপ্তানিসহায়ক কোনো কিছু নিয়ে নিরুৎসাহিতও করা হবে না।জানা গেছে, সম্ভাব্য বাণিজ্যনীতিতে নির্বাচিত কিছু খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে চিহ্নিত করা হবে। উদ্দেশ্য একটাই, আর তা হলো দীর্ঘমেয়াদি বাণিজ্যের উন্নয়ন। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের (এসএমই) খাতকে দেখা হবে সবচেয়ে সংবেদনশীল হিসেবে। যেহেতু বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এসএমই খাতের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে।প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানে সমন্বিত বাণিজ্যনীতি রয়েছে। ওদিকে রয়েছে মালয়েশিয়ায়। তবে পাকিস্তানের নীতিটির আইনি ভিত্তি নেই বলে জানান গোলাম মোয়াজ্জেম।অভিমতগুলো: এ প্রসঙ্গে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আলী তসলিম প্রথম আলোকে বলেন, সমন্বিত বাণিজ্যনীতি প্রণয়নের উদ্যোগ অবশ্যই একটি ভালো উদ্যোগ। কারণ, অর্থনীতির বিভিন্ন খাত পরস্পর নির্ভরশীল। তাই আমদানি, রপ্তানি ও বিনিয়োগের মতো বিষয়গুলো পরস্পরের সঙ্গে সুসমন্বিত হওয়া প্রয়োজন। তা না হলে একটি আরেকটির জন্য বাধা হয়ে দাঁড়ায়।আলী তসলিম উদাহরণ দিয়ে বলেন, ‘আমরা রপ্তানির প্রসারতা চাই। আবার আমদানিতে কিছু প্রতিবন্ধকতাও আরোপ করি। অথচ আমদানির মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনের বিভিন্ন উপাদান তথা কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য সংগ্রহ করতে হয়। যদি প্রতিবন্ধকতার কারণে আমদানি ব্যয়বহুল হয়, তাহলে আবার উৎপাদন ব্যয়বহুল হবে। দুই নীতিতে দুই ধরনের অসামঞ্জস্যতায় এই ধরনের সমস্যা দেখা দেয়।’তসলিম আরও বলেন, বাংলাদেশে বাণিজ্য খাতে আরেকটা বড় সমস্যা হলো একেক কর্তৃপক্ষ একেকভাবে তাদের নীতি প্রয়োগ করে থাকে। আমদানি ও রপ্তানিনীতিগুলো প্রণয়ন করে বাণিজ্য মন্ত্রণালয়। অথচ এর পূর্ণ বাস্তবায়নে এই মন্ত্রণালয়ের ক্ষমতা সীমিত। বিশেষ করে কর বা শুল্কারোপের বিষয়টি পুরোপুরি জাতীয় রাজস্ব বোর্ড তথা অর্থ মন্ত্রণালয়ের এক্তিয়ারভুক্ত। এর ফলে অনেক সময়ই শুধু রাজস্ব বাড়া-কমার বিবেচনায় শুল্ক বাড়ানো-কমানো হয়, উপেক্ষিত হয় আমদানি বা রপ্তানিমুখী খাতের প্রয়োজনীয়তা।আর তাই সমন্বিত বাণিজ্যনীতিকে অর্থবহ করার জন্য করনীতির সঙ্গেও একটি সুসমন্বয় করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।প্রায় একই ধরনের অভিমত প্রকাশ করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের পরিচালক এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি অবশ্যই খুব ভালো সিদ্ধান্ত। তবে আমাদের দিক থেকে মূল চাওয়াটি হলো এই বাণিজ্যনীতি যেন সঠিকভাবে কার্যকর হয়।’ অন্য কোনো নীতিতে যা-ই থাকুক না কেন, বাণিজ্য বিষয়ে বাণিজ্যনীতিই চূড়ান্ত বলে গণ্য হবে, এমন একটি আইনি বাধ্যবাধকতা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন ফজলুল হক। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘অনেক সময়ই জাতীয় রাজস্ব বোর্ড বা বাংলাদেশ ব্যাংক তাদের নীতির আলোকে নির্দেশনা দেয়, যা আমরা পালন করতে বাধ্য হই। অথচ রপ্তানি বা আমদানিনীতি অনুসারে সেসব ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এ নিয়ে বিরোধ দেখা দেয়। কিন্তু এনবিআর বা বাংলাদেশ ব্যাংক তাদের অবস্থানে ছাড় দিতে রাজি হয় না।’সামঞ্জস্য নেই। বরং কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক বিষয় দেখতে পাওয়া যায়। ফলে দীর্ঘদিন থেকেই একটি সমন্বিত বাণিজ্যনীতি প্রণয়নের তাগিদ অনুভব করছেন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী মহল। তবে খুশির বিষয় যে, সরকারেরই উদ্যোগে বাণিজ্যনীতির একটি রূপরেখা দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সমন্বিত বাণিজ্যনীতি প্রণীত হলে বিদ্যমান নীতিগুলোর মধ্যে বৈপরীত্য দূর হবে বলে তিনি মনে করেন।তবে বাণিজ্যনীতি প্রণয়নের উদ্যোগের প্রতি সমর্থন জানালেও কেউ কেউ অবশ্য প্রশ্ন তুলেছেন যে এই কাজটি বাংলাদেশ ট্যারিফ কমিশনকে দিয়ে করানো যেত কি না। অন্তত ট্যারিফ কমিশনকে এই কাজের সঙ্গে যুক্ত করা হলে সরকারি সংস্থার কর্মদক্ষতা ও অভিজ্ঞতাও বাড়ত।