অবশেষে নিয়ন্ত্রণমূলক স্মারকে বেসিক ব্যাংকের স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণমূলক স্মারকে স্বাক্ষর করেছে রাষ্ট্র খাতের বেসিক ব্যাংক। যোগসাজশের মাধ্যমে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণে অনিয়ম ও ব্যাংকটির আর্থিক সূচকে বড় ধরনের অবনতির পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বেসিক ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিয়ে নিয়ন্ত্রণমূলক স্মারকে স্বাক্ষর করাতে পেরেছে। স্মারকে স্বাক্ষরের পর ব্যাংকটি প্রতিটি ক্ষেত্রে নিয়মনীতি মেনে ঋণ বিতরণ করছে কি না, তা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরখ করে দেখার পর অনুমোদন হবে। এর আগে কয়েক বছর ধরে কেন্দ্রীয় ব্যাংক বেসিক ব্যাংককে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিলেও তার বাস্তবায়ন করেনি ব্যাংকটি। এমনকি ক্রম অবনতিশীল আর্থিক অবস্থা ঠেকাতে কয়েক দফা ডেকে এনেও বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংককে কোনো নির্দেশনা অনুসরণ করাতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের স্মারকেও প্রথম দফায় বেঁধে দেওয়া সময়ের মধ্যে (৮ জুলাই) স্বাক্ষর করেনি বেসিক ব্যাংক। উল্টো ছয় মাস সময় চেয়েছিল পরিস্থিতির উন্নয়ন করবে বলে। কিন্তু তাতে রাজি হয়নি কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, বেসিক ব্যাংক ছয় মাসের সময় চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সেই সময় দেয়নি। গতকাল ব্যাংকের পক্ষ থেকে স্মারকে স্বাক্ষর করা হয়েছে। তিনি আরও বলেন, এতে করে ব্যাংকটিকে ঋণ বিতরণসহ নানা ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সীমার মধ্যেই থাকতে হবে। মাত্র কয়েক বছর আগে বেসিক ব্যাংক শুধু রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর মধ্যে নয়, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যেও ছিল ভালো মানের ব্যাংক। এখন পরিস্থিতি নাজুক। এ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকে আলোচনা ছিল ব্যাংকটিতে প্রশাসক নিয়োগের। কিন্তু শীর্ষ পর্যায়ের এতে সায় মেলেনি। ব্যাংকটিতে নিয়ন্ত্রণমূলক সমাঝোতাতে আনতেও শীর্ষ পর্যায়ের কারও কারও আপত্তি ছিল। কিন্তু পরিস্থিতি বিপাকে পড়ে শেষ পর্যন্ত এই ব্যবস্থায় গেছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকেরই একাধিক সূত্রে বলা হচ্ছে, এতে ব্যাংকটির কোনো উন্নতি হওয়ার আশা কম। ১০ বছর আগে রাষ্ট্র খাতের সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংককে দিয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেও লাভ হয়নি। স্মারকে স্বাক্ষর করাতে বেসিক ব্যাংকের বার্ষিক ঋণের প্রবৃদ্ধির হার এখন থেকে হবে মাত্র ১০ শতাংশ। গত বছর এটি ৪০ শতাংশের বেশি ছিল। খেলাপি ঋণ বর্তমানে রয়েছে প্রায় ১২ শতাংশ, ডিসেম্বরের মধ্যে কমিয়ে আনতে হবে ৫ শতাংশে। মূলধন ঘাটতি ১২৮ কোটি টাকা ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে। বিভিন্ন ঋণ হিসাবে যেসব অনিয়ম আছে, তার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের যেসব নির্দেশনা তা মানতে হবে।