অবশেষে পায়রা বন্দরে পণ্য খালাস শুরু
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্রবন্দর থেকে অবশেষে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় পায়রা সমুদ্রবন্দরের রাবনাবাদ চ্যানেলে এমভি এফ এস বিচ জাহাজ থেকে আনুষ্ঠানিকভাবে পণ্য খালাস করা হয়। পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান মদিনা গ্রুপ মালয়েশিয়া থেকে ১২ হাজার ৫০২ মেট্রিক টন ক্লিংকার নিয়ে আসে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এফ এস বিচ জাহাজ কয়েক দফা চেষ্টা করেও পায়রা বন্দরে পণ্য খালাস করতে পারেনি। ফলে গত ২২ আগস্ট চট্টগ্রাম বন্দরে গিয়ে এ জাহাজটি ৪ হাজার মেট্রিক টন পণ্য খালাস করে। আবহাওয়া ভালো হওয়ার পর ২ সেপ্টেম্বর ফিরে এসে পায়রা সমুদ্রবন্দরের রাবনাবাদ চ্যানেলে নোঙর করে।
এমভি এফ এস বিচ জাহাজের ক্যাপ্টেন ভিয়েতনামের দোয়ান মান ফু প্রথম আলোকে বলেন, পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে জাহাজ নিয়ে প্রবেশ করতে মোটেও অসুবিধা হয়নি। চ্যানেলটি ঝুঁকিপূর্ণ নয়। জাহাজ প্রবেশের জন্য নিরাপদ।
মদিনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান জানান, মাদার ভ্যাসেল থেকে পণ্য নামিয়ে এমভি চান সরদার জাহাজে করে ১ হাজার ১০০ মেট্রিক টন, হাজি সেলিম-১-এর মাধ্যমে ২ হাজার ৫০০ মেট্রিক টন, হাজি সেলিম-২-এর মাধ্যমে ২ হাজার ৫০০ মেট্রিক টন এবং সর্বশেষ বেগম সালেহা জাহাজে করে ২ হাজার ৪০২ মেট্রিক টন পণ্য ঢাকায় নিয়ে যাওয়া হবে।
১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘পণ্য খালাস কার্যক্রম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর আগে গত ৩১ জুলাই এমভি ফরচুন বার্ড জাহাজ ৫২ হাজার ৩৭৯ মেট্রিক টন পাথর নিয়ে পায়রা বন্দরে আসে। এ জাহাজটিও পায়রা বন্দরে পণ্য খালাস করতে পারেনি। চট্টগ্রামের কুতুবদিয়ার বহির্নোঙরে গিয়ে ২২ আগস্ট জাহাজটি ৩০ হাজার
মেট্রিক টন পণ্য খালাস করে। ৪ সেপ্টেম্বর পায়রা বন্দরে বাকি পণ্য খালাসের জন্য ফেরার কথা রয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান বলেন, শুধু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এত দিন পণ্য খালাস করা যায়নি। আগামী দুই বছরের মধ্যে রাবনাবাদ চ্যানেলের খননকাজ শেষ হলে ১২ থেকে ১৪ মিটার গভীরতার জাহাজ পায়রা বন্দরে ঢুকতে পারবে।