অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে খালাস হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আটক করা ২০০ মেট্রিক টন আমদানি করা আলু অবশেষে খালাস করা হয়েছে।জানা গেছে, গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্থানীয় কাস্টম কর্তৃপক্ষ এ আলু খালাসের অনুমতি দেয়। তবে ১২ দিন ধরে আলুগুলো বন্দরে আটক থাকায় প্রায় ৪৫ মেট্রিক টন আলু পচে নষ্ট হওয়ায় আমদানিকারকেরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে।কৃষি মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ৩ ও ৪ জানুয়ারি আমদানিকারকেরা ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে এ আলু আমদানি করেন। একই দিনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১৪ জন ব্যবসায়ীর নাম উল্লেখ করে আলু আমদানিতে আলাদা আরেকটি অনুমতি দেওয়ায় জটিলতার সৃষ্টি হয়। কারণ স্থানীয় কাস্টম কর্তৃপক্ষ দুই মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন অনুমতি জারির কারণে বিভ্রান্তিতে পড়ে আমদানি করা আলু আটক করে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় বন্দরের কাস্টম কর্তৃপক্ষ ৭ জানুয়ারি আটক করা আলু নিলামে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমদানিকারক প্রতিষ্ঠান প্রাইম ইন্টারন্যাশনাল ও নিশা ট্রেড ইন্টারন্যাশনাল ১০ জানুয়ারি উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও এস এম ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কাস্টম রুলস অনুযায়ী আলু খালাসের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশ দিলে কাস্টম কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার আমদানিকারকদের আলু খালাসের অনুমতি দেয়। প্রাইম ইন্টারন্যাশনালের প্রতিনিধি শহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, দুই মন্ত্রণালয়ের রশি টানাটানির কারণে আমরা ১২ দিন ধরে আলুগুলো খালাস করতে পারিনি। এতে আমাদের ৪০-৪৫ মেট্রিক টন আলু পচে নষ্ট হয়ে গেছে।হিলি স্থলবন্দরের কাস্টম সুপারিনটেনডেন্ট আবদুল হাই জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ পাওয়ায় আটক করা আমদানি করা আলুগুলো খালাসের অনুমতি দেওয়া হয়েছে। সূত্রমতে, গত ১৫ নভেম্বর দেশের বিভিন্ন স্থানের প্রায় ২০ জন আমদানিকারক ভারত থেকে আলু আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ের অনুমতি পান। সে অনুযায়ীই প্রাইম ইন্টারন্যাশনাল ও নিশা ট্রেড ইন্টারন্যাশনাল হিলি স্থলবন্দর দিয়ে উল্লিখিত আলু আমদানি করে।