বিকল্প প্রতিনিধির (অলটারনেট নমিনি) পদ্ধতি বাদ দিয়েই অবশেষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চেম্বারের নির্বাচন বোর্ডের এক সভায় গতকাল শনিবার এ সিদ্ধান্ত হয়।বিতর্কিত বিকল্প প্রতিনিধির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিতর্কিত পদ্ধতি বাদের সিদ্ধান্তকে চেম্বারের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যবসায়ী স্বাগত জানিয়েছেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, ‘সুপ্রিম কোর্টের আদেশের আলোকেই আমরা নির্বাচন বোর্ডের তিন সদস্য মিলে বিকল্প প্রতিনিধি প্রথা বতিলের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে যেকোনো নির্বাচনেই চেম্বারের সদস্যদের সরাসরি ভোট দিতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে আর ভোট দেওয়া যাবে না।’আগামীকাল সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে জামায়াতে ইসলামী কাল চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় দেখা দিয়েছে। এ ব্যাপারে চেম্বারের নির্বাচন বোর্ডের সদস্যরা আজ রোববার আবার বৈঠকে বসবেন বলে জানা গেছে।জানতে চাইলে জামালউদ্দিন আহমেদ বলেন, ‘জামায়াতে ইসলামী আকস্মিক হরতাল ডেকেছে। তাদের এই কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানানো হবে। প্রত্যাহার না হলে রোববার বৈঠক করে আমরা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ প্রসঙ্গত, চট্টগ্রাম চেম্বার নির্বাচনে একজন ভোটারের অনুপস্থিতিতে তাঁর মনোনীত অন্য একজনের অর্থাৎ বিকল্প প্রতিনিধির মাধ্যমে ভোট দেওয়ার বিধান ছিল। কিন্তু এটি ছিল বাণিজ্য সংগঠন বিধিমালার পরিপন্থী। বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী ভোটদানের অধিকারী ব্যক্তি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভোট দেবেন, প্রক্সির মাধ্যমে ভোট দেওয়া নিষিদ্ধ।