অবশেষে ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামো আসছে
দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো এবং রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের জন্য অভিন্ন বেতনকাঠামো চূড়ান্ত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের কিছু কাজ বাকি রয়ে গেছে বলে এখনো প্রজ্ঞাপন জারি হচ্ছে না। তবে খুব দ্রুত এটি জারি হতে পারে বলে অর্থমন্ত্রী গতকাল জানিয়েছেন।
সূত্র জানায়, স্বতন্ত্র বেতনকাঠামোর দুটি প্রজ্ঞাপন ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতনকাঠামোর আওতার বাইরে নিয়ে আসার ব্যাপারেও জারি করতে হবে একটি প্রজ্ঞাপন। অর্থসচিব মো. ফজলে কবির প্রায় প্রতিদিনই এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।
এর আগে ১৪ নভেম্বর সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহেই ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামো হয়ে হয়ে যাবে।’
দেশে প্রথমবারের মতো ব্যাংক খাতে নতুন এই বেতনকাঠামো হচ্ছে। রাষ্ট্রায়ত্ত আরও ব্যাংক থাকলেও তা কার্যকর হবে শুধু কেন্দ্রীয় ব্যাংক এবং সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য।
কেন্দ্রীয় ব্যাংকসহ সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক লিমিটিডের স্বতন্ত্র বেতনকাঠামো তৈরির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে কয়েক বছর ধরেই পড়ে ছিল বলে জানা গেছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করে তা পাঠিয়ে দেয় প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির কাছে। সচিব কমিটি অনুমোদন দিয়ে ৪ নভেম্বর তা পাঠায় অর্থমন্ত্রীর কাছে। সচিব কমিটি নতুন করে অন্তর্ভুক্ত করে রূপালী ব্যাংককে। এরপর কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো এবং রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের জন্য অভিন্ন বেতনকাঠামো চূড়ান্ত হয়েছে।
মোটা দাগে কোনো পার্থক্য না থাকলেও বাংলাদেশ ব্যাংক ও চার ব্যাংকের জন্য করা হবে মূলত দুটি বেতনকাঠামো। বিদ্যমান জাতীয় বেতনকাঠামো অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এবং চার ব্যাংকে বর্তমানে ২০টি গ্রেড থাকলেও তা ভেঙে করা হবে ১১টি গ্রেড।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের জন্য জাতীয় বেতনকাঠামোর ৬, ৭ ও ৮ নম্বর গ্রেড ভেঙে একটি; ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ভেঙে একটি; ১৫ ও ১৬ নম্বর গ্রেড ভেঙে একটি এবং ১৭, ১৮ ও ১৯ নম্বর গ্রেড একটি গ্রেডে একীভূত করা হবে।
গ্রেড পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের চেয়ে চার ব্যাংকে একটু পার্থক্য রয়েছে। এ ক্ষেত্রে ৬, ৭ ও ৮ নম্বর গ্রেড ভেঙে একটি; ১০ ও ১১ নম্বর গ্রেড ভেঙে একটি; ১২, ১৩ ও ১৪ নম্বর গ্রেড ভেঙে একটি, ১৫ ও ১৬ নম্বর গ্রেড ভেঙে একটি এবং ১৭, ১৮ ও ১৯ নম্বর গ্রেড ভেঙে একটি করা হবে। তবে বর্তমানের চেয়ে কারও বেতনই কমবে না।
চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপব্যবস্থাপনা পরিচালকদের বেতনকাঠামো চূড়ান্ত করা হয়নি।
সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রস্তাবিত বেতনকাঠামো
ক্রম পদের নাম প্রস্তাবিত বেতনকাঠামো (টাকা) প্রারম্ভিক মূল (টাকা) মোট (টাকা)
১. মহাব্যবস্থাপক ৫৫,০০০-২২০০-×৬-৬৮,২০০ ৫৫,০০০ ৯৩,৭৫০
২. উপমহাব্যবস্থাপক ৪৫,০০০-১৮০০-×৮-৫৯৪০০ ৪৫,০০০ ৭৭,২৫০
৩. সহকারী মহাব্যবস্থাপক ৩৬,০০০-১৬০০-×১০-৫২,০০০ ৩৬,০০০ ৬২,৪০০
৪. সিনিয়র প্রিন্সিপাল অফিসার ৩০,০০০-১৪০০-×১৪-৪৯,৬০০ ৩০,০০০ ৫৫,৫০০
৫. প্রিন্সিপাল অফিসার ২৪,০০০-১৩০০-×১৬-৪৪,৮০০ ২৪,০০০ ৪৫,০০০
৬. সিনিয়র অফিসার ১৮,০০০-১২০০-×১৬-৩৭,২০০ ১৮,০০০ ৩৩,৫০০
৭. অফিসার ১৫,০০০-১১০০-×৭-২২,৭০০- ১৫,০০০ ২৮,২৫০
ইবি-১২০০×১১-৩৫,৯০০
৮. জুনিয়র অফিসার ১২,০০০-৯০০-×৭-১৮,৩০০ ১২,০০০ ২৩,০০০
এ/এ (টাইম স্কেল) ইবি-১০০০×১১-২৯,৩০০
৯. অ্যাসিস্ট্যান্ট অফিসার ১০,০০০-৮০০-×৭-১৫,৬০০- ১০,০০০ ১৯,৫০০
গ্রেড-১/ইউডিএ ইবি-৯০০×১১-২৪,৬০০
গ্রেড-২/এলডিএ/
সমমান (টাইম স্কেল)
১০. সিএলডিএ/ড্রাইভার/ ৮,০০০-৭০০-×৭-১২,৯০০- ৮,০০০ ১৬,০০০
কেয়ারটেকার-১ ইবি-৮০০×১১-২১,৭০০
কেয়ারটেকার-২
১১. সাপোর্ট স্টাফ-১, ৬,০০০-৬০০-×৭-১০,২০০- ৬,০০০ ১২,৫০০
২, ৩ এমএলএসএস/ ইবি-৭০০×১১-১৭,৯০০
সমমান