অবশেষে লাফার্জ মেঘালয়ের চুনাপাথর ওঠানোর অনুমতি পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্যাঞ্চলে চুনাপাথর খননের জন্য ফরাসি সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা লাফার্জকে অনুমতি দিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বে গড়া বনসংক্রান্ত একটি বিশেষ ডিভিশন বেঞ্চ লাফার্জের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই নির্দেশ দেন। এর ফলে বাংলাদেশের সিলেটে অবস্থিত সিমেন্ট কারখানায় চুনাপাথর পাঠানোসহ কারখানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটল। স্থানীয় লোকজন পরিবেশের ক্ষতি হবে—এ আশঙ্কায় মামলা করলে সুপ্রিম কোর্ট গত বছর ৫ ফেব্রুয়ারি চুনাপাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে ভারত সরকারের সঙ্গে লাফার্জের চুক্তি হয়েছিল যে, তারা মেঘালয় থেকে চুনাপাথর উত্তোলন করে তা কনভেয়ার বেল্টে করে বাংলাদেশের সিলেটে তাদের সিমেন্ট কারখানায় পাঠাতে পারবে। সুপ্রিম কোর্টের গ্রিন বেঞ্চ শুনানির পর লাফার্জকে নতুন করে ভারত সরকারের পরিবেশ দপ্তরের ছাড়পত্র নিতে বলে। একই সঙ্গে ভারত সরকারকে আদালত জানিয়ে দেন যে, যথাযথ পরিবেশ ছাড়পত্র না পেলে লাফার্জ চুনাপাথর সংগ্রহ করতে ও তা বাংলাদেশে পাঠাতে পারবে না। এর পরই পরিবেশ মন্ত্রক ব্যাপক বনসৃজন ও এলাকা উন্নয়নের জন্য ১১৫ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতির ভিত্তিতে লাফার্জকে ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নেয়। তবে আদালত তখন নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হননি। ভারত সরকার অবশ্য দুই দেশের সম্পর্কের প্রশ্ন তুলে আদালতের অনুমতি চেয়েছিল। কিন্তু সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণন, বিচারপতি এস এইচ কাপাডিয়া ও বিচারপতি আফতাব আলমকে নিয়ে গঠিত গ্রিন বেঞ্চ পরিবেশ মন্ত্রককে পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে সমীক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য ও ভূমিক্ষয় রোধে লাফার্জ কী পরিকল্পনা নিতে চলেছে, তা বিস্তারিতভাবে জানাতে বলে। বাংলাদেশ সরকারের পাশাপাশি ফরাসি সরকারও ভারত সরকারকে বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে বিচার করার জন্য অনুরোধ জানায়। অবশেষে গত বুধবার ওই মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। এর আগে অবশ্য ভারতের কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রক চুনাপাথর উত্তোলনের জন্য সংশোধিত ছাড়পত্র দেয়। ওই ছাড়পত্রে সন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্ট এই নিষেধাজ্ঞা তুলে নেন।লাফার্জ বর্তমানে বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি।