অবশেষে শেয়ার কেনার ঘোষণা আবদুল জলিলের
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হলেও এবার শেয়ার কেনার ঘোষণা দিলেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক আবদুল জলিল। আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা-পরিচালক আবদুল জলিল ২২ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন। তিনি পরবর্তী ৩০ কর্মদিবসে বিদ্যমান বাজার মূল্যে স্টক এক্সচেঞ্জ থেকে এই শেয়ার কিনবেন।এ ছাড়া ফিনিক্স ইনস্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালক আজিজ আল মাহমুদ ১০ লাখ ১০ হাজার, শাহজালাল ইসলামী ব্যাংকের আনোয়ার হোসেন খান দুই লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।এসইসি সূত্রে জানা যায়, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত বছরের ২২ নভেম্বর পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের নিজ কোম্পানির কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এসইসির ওই নির্দেশনাকে চ্যালেঞ্জ করে কয়েকটি কোম্পানির পরিচালক হাইকোর্টে রিট দায়ের করেন। গত ২১ মে ওই রিটগুলো খারিজ করে দেন হাইকোর্ট। পরদিন ২২ মে এসইসির ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টে রিট করেন পাঁচটি প্রতিষ্ঠানের ২৪ জন উদ্যোক্তা-পরিচালক। এর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক আবদুল জলিলও ছিলেন। পরে অবশ্য এই রিটগুলোও খারিজ করে দেন উচ্চ আদালত।এদিকে এসইসির নির্দেশনা অনুযায়ী রিটের রায়ের পর ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকেরা তাঁদের পদ হারিয়েছেন। এরই মধ্যে আজ আবদুল জলিল শেয়ার কেনার এ ঘোষণা দেন।