টানা পাঁচ দিন পতনের পর গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারে সূচক বেড়েছে। তবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেনের পরিমাণ ছিল চলতি বছরের মধ্যে সর্বনিম্ন।
দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ হয় প্রায় ১৬৭ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত বছরের ২৮ ডিসেম্বর ডিএসইতে সর্বনিম্ন ১৫৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য লেনদেন কমে যাওয়াকে খুব বেশি উদ্বেগের কিছু মনে করেন না।
যোগাযোগ করা হলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচের কারণে বিনিয়োগকারীদেরও মনোযোগ শেয়ারবাজারের চেয়ে খেলার প্রতিই বেশি ছিল। নিয়মিত লেনদেনে অংশ নেয়—এ রকম অনেক বিনিয়োগকারীও বাজারে সক্রিয় ছিলেন না। এ ছাড়া গত কয়েক দিনের দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, গতকাল দিনের শুরু থেকে সূচক বাড়তে থাকায় তাঁরা কিছুটা আশান্বিত হন। সাধারণত পতনের কারণে বাজারে শেয়ার বিক্রির যে চাপ তৈরি হয়, বাজার ভালো থাকলে সে ধরনের চাপ থাকে না। এমনকি তখন বিক্রির পরিবর্তে ভালো কিছুর আশায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখেন। আর তার বিপরীতে দাম বাড়তে থাকলে ক্রেতার দিক থেকেও কিছুটা ধৈর্য ধারণ করা হয়। যার প্রভাব গিয়ে পড়ে লেনদেনের ওপর। বাজারে কেনাবেচার স্থবিরতায় লেনদেন কম হয়।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল প্রায় ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৮ পয়েন্টে। পাশাপাশি ডিএসইর অপর সূচক ডিএসইএস প্রায় ৭ পয়েন্ট ও ডিএস৩০ প্রায় ১২ পয়েন্ট বেড়েছে। এর আগে গত পাঁচ দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছিল ২০৫ পয়েন্ট। ঢাকার বাজারে এদিন লেনদেন আগের দিনের ৩১৩ কোটি টাকার চেয়ে প্রায় ১৪৭ কোটি টাকা কমেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ডিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৪ পয়েন্টে। সিএসইতে এদিন ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টির দাম বেড়েছে, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। সিএসইতে গতকাল ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের ২২ কোটি টাকার চেয়ে ৭ কোটি টাকা বেশি। ওই দিন সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ১৪১ পয়েন্ট।