অবশেষে সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ
অবশেষে সোনালী ব্যাংকের চেয়ারম্যানও পরিবর্তন করা হলো। নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বৃহস্পতিবার এ নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। তিনি আগের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।১৯৭৬ সালে ফিন্যান্স বিভাগ প্রতিষ্ঠার আগে ১৯৭৩ সালে হাবিবুর রহমান একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগেরও চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। ১৯৬৯-৭০ সালে তিনি পাকিস্তান সরকারের বিনিয়োগ উপদেষ্টা কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।যোগাযোগ করা হলে গতকাল রাতে মুঠোফোনে হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, দেশের ব্যাংক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোনালী ব্যাংক। দায়িত্বশীলতার সঙ্গে সেই ভূমিকা পালনে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য, এ বছরই দেশের ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি হয় সোনালী ব্যাংকের হল-মার্ক কেলেঙ্কারি। ব্যাংকটির রূপসী বাংলা শাখা (সাবেক শেরাটন) থেকে হল-মার্ক গ্রুপসহ আরও কয়েকটি গ্রুপ মিলে সাড়ে তিন হাজার কোটি টাকা নানা কৌশলে তুলে নেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত ২৭ আগস্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রতিবেদনসংবলিত একটি চিঠি দিয়ে এই ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন। হল-মার্ক কেলেঙ্কারির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাশাপাশি পরিচালনা পর্ষদেরও দায় রয়েছে বলে জানান গভর্নর। দুই দিন পর এই চিঠির ব্যাপারে অর্থমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।এরপর গত ৫ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজী বাহারুল ইসলামকে পুনর্নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। একই সময় রাষ্ট্রীয় মালিকানাধীন অপর তিন ব্যাংকের চেয়ারম্যান এবং আরও তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয় তিন বছরের জন্য। শুধু সোনালী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগটিই ছিল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত।এর পর থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো ব্যাংকেই পর্ষদ ছিল না। গত সপ্তাহে এসব ব্যাংকে ৩১ জন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে মূলত রাজনৈতিক বিবেচনায় এসব ব্যাংকের পরিচালক নিয়োগ দেয় সরকার। তখনই ব্যাংক খাতে ব্যাপক সমালোচনা হয়েছিল। এবার সরাসরি দলীয় নিয়োগ কম দেওয়া হলেও ঘুরিয়ে-ফিরিয়ে আগের পরিচালকদেরই নিয়োগ দেওয়া হয়েছে। তবে সোনালী ব্যাংকের আগের পরিচালকদের কোথাও নিয়োগ দেওয়া হয়নি।