অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে অবশেষে দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালসের লেনদেন স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার লেনদেন শুরুর আগে দুই স্টক এক্সচেঞ্জই কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়। দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে স্থগিতাদেশের এই খবর প্রকাশ করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত কোম্পানিটির লেনদেনের ওপর এই স্থগিতাদেশ অব্যাহত থাকবে। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এটির লেনদেন স্থগিত করা হয়েছে। এখন দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোম্পানিটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্ত করা হবে। তদন্তকাজ অব্যাহত থাকা পর্যন্ত লেনদেন বন্ধ থাকতে পারে বলে উভয় স্টক এক্সচেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, গতকাল লেনদেন শুরুর আগে সকাল ১০টা ২১ মিনিটে ডিএসই ও ১০টা ২৫ মিনিটে সিএসইতে কোম্পানিটির লেনদেন স্থগিত করা হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল সিভিও পেট্রোর প্রতিটি শেয়ারের দাম ছিল ৮৯ টাকা ৬০ পয়সা। আর ২৩ সেপ্টেম্বর দিন শেষে এটির দাম বেড়ে হয়েছে ৮৭৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ প্রায় পাঁচ মাসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৭৮৭ টাকা বা প্রায় দশ গুণ। এর ফলে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এটির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে প্রায় ৩৩০-এ।
সিভিও পেট্রোকেমিক্যালসের মতো গত কিছু দিন ধরে দুর্বল মৌলভিত্তির আরও কিছু কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। সেসব কোম্পানির মধ্যে অন্যতম জেএমআই সিরিঞ্জ। গত ১৯ জুন মাত্র ৩৫ টাকা দরে ঢাকার বাজারে এটির লেনদেন শুরু হয়। ২৩ সেপ্টেম্বর সেটির দাম বেড়ে হয়েছে প্রায় ৩২২ টাকা। এর ফলে তিন মাসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২৮৭ টাকা বা নয় গুণ।
এদিকে গতকাল সিভিও পেট্রোকেমিক্যালসের লেনদেন স্থগিতের ঘটনার পর বাজারে জেএমআই সিরিঞ্জের শেয়ারটিও ক্রেতাশূন্য হয়ে পড়ে। ফলে এটির শেয়ারের প্রায় ৯ শতাংশ দরপতন ঘটে। এই দরপতনের পর এটি দিনভর ক্রেতাশূন্যই ছিল।