অবশেষে 'এ' শ্রেণিভুক্ত হচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ‘এ’ শ্রেণিভুক্ত হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট। আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটি জেড শ্রেণি থেকে ‘এ’শ্রেণিতে উন্নীত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উৎপাদন কার্যক্রম আইনি জটিলতার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এ কারণে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান বাড়তে থাকায় ২০১৩ সাল পর্যন্ত কোম্পানিটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এ কারণে কোম্পানিটি এত দিন ধরে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ‘জেড’ শ্রেণিভুক্ত ছিল।

আইনি জটিলতা শেষে উৎপাদন কার্যক্রম শুরুর পর ২০১৪ সালের জন্য এটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে, এরই মধ্যে তা শেয়ারধারীদের মধ্যে বিতরণও করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত পরিপালন বিষয়ক তথ্য দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যেসব কোম্পানি ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেয় ও নিয়মিত বার্ষিক সাধারণ (এজিএম) সভা করে তাদের ‘এ’ শ্রেণিভুক্ত করা হয়।