অবস্থার আরও অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাষ্ট্রমালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংকের অবনতি কিছুতেই ঠেকানো যাচ্ছে না। ব্যাংকগুলোর খেলাপি ঋণের পাশাপাশি লোকসানি শাখার সংখ্যাও বেড়ে চলেছে। ব্যাংকগুলো হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। এক বছরের ব্যবধানে ছয় ব্যাংকের লোকসানি শাখার সংখ্যা বেড়েছে ৩৬০টি। আর ছয় মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা। সেই সঙ্গে বেড়েছে মূলধন ঘাটতিও। গত জুন শেষে প্রাপ্ত তথ্য থেকে ব্যাংকগুলোর এ চিত্র পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত জুন শেষে সরকারি ছয় ব্যাংকের মোট শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৬টিতে। এর মধ্যে লোকসানি শাখার সংখ্যা ৬৪২টি। যদিও গত বছরের জুনে লোকসানি শাখা ছিল ২৮২টি। অর্থাৎ এক বছরের মধ্যে লোকসানি শাখা বেড়েছে ৩৬০টি। তবে লোকসানি শাখা বেড়ে যাওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়ে যাওয়াকে দায়ী করছেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা। এদিকে ছয় ব্যাংকের মধ্যে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের লোকসানি শাখা গত ডিসেম্বর থেকে জুনে বেড়ে ১৮৩ থেকে ৫৮৯টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ ছয় মাসে এ চার ব্যাংকের লোকসানি শাখা বেড়েছে ৪০৬টি।

খেলাপি ঋণসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ডিসেম্বর শেষে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৩ হাজার ৭৪৪ কোটি টাকা। গত জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৬ কোটি টাকা। অর্থাৎ ছয় মাসে খেলাপি ঋণ ৬ হাজার ৩৩২ কোটি টাকা বেড়েছে। গত ডিসেম্বর শেষে ছয় ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ৪ হাজার ৯১৮ কোটি টাকা, যা জুনে এসে বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭০ কোটি টাকায়। ডিসেম্বর শেষে অগ্রণী ও বিডিবিএলের মূলধন ঘাটতি ছিল না। কিন্তু গত জুনে অগ্রণী ব্যাংকও মূলধন ঘাটতিতে পড়েছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে সোনালী ব্যাংক লোকসান করেছে ৩৪৬ কোটি টাকা, অগ্রণী ব্যাংক লোকসান করেছে ১৪৮ কোটি টাকা এবং বেসিক ব্যাংক লোকসান করেছে ৪৮ কোটি টাকা। তবে এ সময়ে জনতা ব্যাংক ১৪১ কোটি টাকা, রূপালী ব্যাংক নয় কোটি টাকা ও বিডিবিএল ব্যাংক দুই কোটি টাকা নিট মুনাফা করেছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো খারাপ হয়েছে। তারা অসৎ এমডি, ডিএমডি এমনকি কোনো কোনো ক্ষেত্রে অসৎ পরিচালকও নিয়োগ দিয়েছে। সোনালী, অগ্রণী ও রূপালীর এমডির দুর্নীতি ধরার পরও মন্ত্রণালয় তাঁদের মেয়াদ বাড়িয়েছিল। ব্যাংকিং বিভাগ ও ব্যাংকগুলোর কিছু অসৎ কর্মকর্তার কারণেই ব্যাংকগুলো দিন দিন খারাপ হচ্ছে।’

.
.

সোনালী ব্যাংক পরিস্থিতি: জুন শেষে দেশের পুরোনো ও বৃহৎ এই ব্যাংকটির শাখা ছিল ১ হাজার ২০৮টি। এর মধ্যে লোকসানি শাখা ২৯০টি। যদিও গত বছরের জুনে লোকসানি শাখা ছিল ৮৯টি ও গত ডিসেম্বর শেষে ছিল ১২৪টি। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৩২২ কোটি টাকা, গত ডিসেম্বরে যা ছিল ৮ হাজার ১০০ কোটি টাকা। জুন শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৬০৫ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ৩ হাজার ৮০০ কোটি।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘ঋণ আদায় করতে পারবে কি না এ ভয়ে ব্যাংকের অনেক শাখার কর্মকর্তারা ঋণ দিতে আগ্রহ কম দেখাচ্ছেন। তাই সেসব শাখার আয় দিয়ে তাদের খরচও মিটছে না। এ কারণে লোকসানি শাখার পরিমাণ বেড়ে গেছে। আমরা ব্যাংক কর্মকর্তাদের মনোযোগ ফেরানোর চেষ্টা করছি।’

অগ্রণী ব্যাংক: গত জুন শেষে ব্যাংকটির মোট ৯৩২ শাখার মধ্যে লোকসানি শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৯৯টিতে। অথচ গত ডিসেম্বরেও লোকসানি শাখা ছিল মাত্র ৩৪টি। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ জুন শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯২ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ৪ হাজার ২২৪ কোটি টাকা। জুন শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১৯৯ কোটি টাকা। অথচ গত ডিসেম্বর ও মার্চেও ব্যাংকটির মূলধন উদ্বৃত্ত ছিল।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম বলেন, ‘আমরা গ্রামেগঞ্জে কম সুদে ঋণ দিয়ে থাকি। এসব ঋণে আমাদের মুনাফা বেশি থাকে না। বেতন দ্বিগুণ হয়ে যাওয়ায় খরচ আগের চেয়ে বেড়েছে। এ কারণে অনেক শাখা লোকসানে চলে গেছে।’

জনতা ব্যাংক: ব্যাংকটির ৯০৯ শাখার মধ্যে জুন শেষে লোকসানিতে গেছে ৭৪টি। যদিও গত ডিসেম্বরে লোকসানি শাখা ছিল মাত্র ১৫টি। একই সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯১ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ২ হাজার ৮২৯ কোটি টাকায়। জুন শেষে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৬৬৪ কোটি টাকায়, গত ডিসেম্বরে এ ঘাটতির পরিমাণ ছিল ৪৯ কোটি টাকা।

জানতে চাইলে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম বলেন, ‘ডিসেম্বরের যে তথ্যটি বলা হচ্ছে তা সাময়িক। বাংলাদেশ ব্যাংক এরপর কিছু ঋণ গুণগত বিবেচনায় খেলাপি করে দেয়। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর।’

রূপালী ব্যাংক: ব্যাংকটির ৫৬০টি শাখার মধ্যে জুন শেষে লোকসানি শাখা দাঁড়িয়েছে ১২৬টিতে। অথচ গত ডিসেম্বরে ব্যাংকটির মাত্র ১০টি শাখা লোকসানে ছিল। গত জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ কোটি টাকা, যা ডিসেম্বর শেষে ছিল ১ হাজার ৫৪৯ কোটি টাকা। জুনে রূপালী ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫২ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ২৪৫ কোটি টাকা।

জানতে চাইলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, বছরের প্রথম ছয় মাসে ঋণ বিতরণ কাঙ্ক্ষিত মাত্রায় না হওয়ায় অনেক শাখা লোকসানে চলে গেছে।

বেসিক ব্যাংক ও বিডিবিএল: ব্যাংকটির ৬৮টি শাখার মধ্যে জুন শেষে ২৮টি শাখাই লোকসানে চলে গেছে। অথচ গত ডিসেম্বরে লোকসানি শাখার সংখ্যা ছিল ২৫টি। ব্যাংকটিতে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। এদিকে গত জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫২ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ৬ হাজার ৩৯২ কোটি টাকা। গত জুন শেষে বেসিক ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৮৬ কোটি টাকা, গত ডিসেম্বরে যা ছিল ১ হাজার ৭৭৭ কোটি টাকা। এ ছাড়া অপর রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক বিডিবিএলের ৩৮টি শাখার মধ্যে লোকসানি শাখা ২৫টি, যা গত ডিসেম্বরে ছিল ১৪টি। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৭৫৭ কোটি টাকা, গত ডিসেম্বরে যা ছিল ৬৪৯ কোটি টাকা।

ব্যাংকগুলোর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা বলেন, শ্রেণীকৃত থেকে নিয়মিত করা কিছু ঋণ আবারও খেলাপি হতে শুরু করেছে। ফলে ব্যাংকগুলোর পরিস্থিতির অবনতি ঘটছে।