অবাধ তথ্য প্রাপ্তিতে নিচের সারিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ তথ্য প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ার ৭টি দেশের মধ্যে ৬ নম্বরে রয়েছে বাংলাদেশ। আর বিশ্বের ১৭৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৪। পরিসংখ্যানবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওপেন ডেটা ওয়াচ প্রকাশিত ‘ওপেন ডেটা ইনভেনটরি’ শীর্ষক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
সমাজ, অর্থনীতি ও পরিবেশ বিষয়ে একটি দেশ কত ধরনের তথ্য-উপাত্ত তৈরি করে এবং এসব তথ্য সাধারণ মানুষ কতটা সহজে পায় এ দুটো বিষয়ের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। এতে ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৩৪।
প্রতিটি দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা থেকে গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশের তথ্য-উপাত্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। ২০১৬ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্ত এ গবেষণায় ব্যবহার করা হয়েছে। ২০১৫ সালে সর্বপ্রথম এ প্রতিবেদন প্রকাশ করা হয়। তখন গবেষণায় অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ছিল ১২৫। এবার নতুন করে যোগ হওয়া ৪৮টি দেশের বেশির ভাগই ধনী এবং ওইসিডিভুক্ত উন্নত দেশ।
একটি দেশ সমাজ, অর্থনীতি ও পরিবেশগত ২০টি বিষয়ে কী ধরনের পরিসংখ্যান তৈরি করে সেগুলোর আলাদা নম্বরও প্রতিবেদন তৈরিতে ব্যবহার করা হয়েছে। অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, লিঙ্গ, দারিদ্র্য, শ্রমিক, মূল্যসূচক, সরকারি অর্থায়ন, ব্যাংক ও আর্থিক খাত, লেনদেনের ভারসাম্য প্রভৃতি। সব কটি বিষয়ের আলাদা নম্বর যোগ করে প্রতিটি দেশ (১০০-এর মধ্যে) কত পেল তার ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৫৩ দশমিক ৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারত। সার্বিকভাবে র্যা ঙ্কিংয়ে দেশটির অবস্থান ৩৭। এ অঞ্চলে দ্বিতীয় অবস্থানে আছে ভুটান (স্কোর ৪৫.৮), তৃতীয় শ্রীলঙ্কা (স্কোর ৪৫)। দেশ দুটির সার্বিক র্যা ঙ্ক যথাক্রমে ৫৪ ও ৫৬। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে পাকিস্তান ও নেপাল। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে থাকা মালদ্বীপের স্কোর ২৯, সার্বিক অবস্থান ১২৫।
এ তালিকার শীর্ষে রয়েছে সুইডেন। দেশটির সার্বিক স্কোর ৮১। পরিসংখ্যান প্রাপ্তির সহজলভ্যতার কারণে দেশটি শীর্ষে রয়েছে, এ সূচকে সুইডেনের স্কোর ৯১। দ্বিতীয় স্থানে চেক রিপাবলিক ও তৃতীয় নরওয়ে। শীর্ষ দশের বাকি দেশগুলো হলো পোল্যান্ড, লিথুনিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে উন্মুক্ত পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, একটি দেশে বিভিন্ন ক্ষেত্রে তথ্য-উপাত্ত প্রাপ্তি সহজ হলে সেটি নতুন-পুরোনো অনেক সমস্যার সমাধান আনতে পারে। এ ক্ষেত্রে প্রতিটি দেশের পরিসংখ্যানবিষয়ক জাতীয় সংস্থার বড় ধরনের ভূমিকা রয়েছে। সরকারের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন ও বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরিতে উন্মুক্ত তথ্যব্যবস্থা কার্যকর ভূমিকা রাখে।