অবৈধ বিদেশি কর্মী নিয়োগে বাড়তি কর, জেল জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় অনেক শিল্পপ্রতিষ্ঠানে প্রচুর বিদেশি লোকজন কাজ করেন। তাঁদের একটি অংশ আবার অবৈধ। সাবধান! যেসব প্রতিষ্ঠান অবৈধ বিদেশি কর্মীদের খাটাবে, তাদের আগামী বছর থেকে বাড়তি কর গুনতে হবে।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন তাতে বলা হয়েছে, অবৈধভাবে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানকে এখনকার সময়ের চেয়ে বাড়তি ৫০ শতাংশ কিংবা পাঁচ লাখ টাকার মধ্যে যেটা বেশি হয় তা-ই আরোপ করা হবে।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, ‘আমাদের দেশে যথেষ্ট বেকার যুবক থাকা সত্ত্বেও ব্যাপকভাবে বিদেশি জনশক্তি এখানে কাজ করেন। তাঁদের অনেকেই কোনো রকম করের আওতায় আসেন না। বিদেশি কর্মরত লোকজনের নিবন্ধন গত বছর আমরা শুরু করেছি। এবার তাঁদের ওপর নিয়মিত কর ধার্যের ব্যবস্থা করা হয়েছে।’
আসন্ন বাজেটে এসব প্রতিষ্ঠানের শুধু যে করই বাড়বে তা নয়, এত দিন যেসব সুবিধা ভোগ করত, তার কয়েকটিও কমে যাবে। এসব প্রতিষ্ঠানের সব ধরনের কর সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের কর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন জেল ও জরিমানা করার কথাও জানিয়েছেন।