অবৈধ ভিওআইপিতে শীর্ষে টেলিটক
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অমান্য করেই দেশে অবৈধ ভিওআইপি কল আনছে সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক। অবৈধ ভিওআইপিতে শুধু গত আট দিনেই টেলিটকের ১৫ হাজার সিম ধরা পড়েছে। অবৈধ ভিওআইপি ধরতে বিটিআরসির ব্যবহৃত সিম বক্স ডিটেকশন (এসবিডি) প্রযুক্তির ১৪ আগস্ট থেকে ২১ আগস্টের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে টেলিটকের মোট ৪৫ লাখ সিমের মধ্যে প্রায় ২২ লাখ সিম এখনো নিবন্ধন করা হয়নি। বেসরকারি অপারেটরদের অনিবন্ধিত সিমগুলো বন্ধ করা হলেও টেলিটকের সিমগুলো এখনো বন্ধ করা হয়নি। অনিবন্ধিত বিপুলসংখ্যক সিমই এখন অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত হচ্ছে।
জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রথম আলোকে বলেন, বায়োমেট্রিক সিম পুনর্নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবৈধ পথে কল আসা অনেকটাই কমেছে। তবে টেলিটক এখনো বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সব সিম বন্ধ করা হয়েছে—এই মর্মে কোনো নিশ্চয়তাপত্র জমা দেয়নি। এ জন্য বিটিআরসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধ ভিওআইপিতে কোনো সিম ব্যবহৃত হচ্ছে কি না, তা জানতে বিটিআরসি দুটি পদ্ধতি ব্যবহার করে। একটি হলো এসবিডি ও অপরটি সেলফ রেগুলেশন পদ্ধতি (এসআরপি)। দুটি পদ্ধতিতে প্রতিদিন কতগুলো সিম অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে বিটিআরসি। দুটো পদ্ধতিতেই অবৈধ ভিওআইপিতে টেলিটকের সিম ব্যাপকভাবে ব্যবহার হওয়ার এ চিত্র উঠে এসেছে।
বিদেশ থেকে আন্তর্জাতিক কল আনার অবৈধ পথ হলো ভিওআইপি। বৈধ পথে বিদেশ থেকে একটি কল প্রথমে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটর ও আইজিডব্লিউ অপারেটর সুইচের (আইওস) মাধ্যমে আইসিএক্স অপারেটরের কাছে যায়। আর আইসিএক্স অপারেটরের মাধ্যমে তা মুঠোফোন অপারেটর হয়ে গ্রাহকের কাছে যায়। এর মাধ্যমেই দেশের গ্রাহকেরা বিদেশ থেকে আসা কলে কথা বলতে পারেন।
জানা যায়, পুরো ব্যবস্থায় বৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে একটি কল আনার খরচ পড়ে দেড় সেন্ট বা ১ টাকা ২০ পয়সা। এই অর্থের ৪০ শতাংশ সরকার, ১৭ দশমিক ৫ শতাংশ আইসিএক্স, ২২ দশমিক ৫ শতাংশ মোবাইল অপারেটর আর বাকি ২০ শতাংশ আইজিডব্লিউ কোম্পানিগুলো পেয়ে থাকে।
অবৈধ ভিওআইপি পদ্ধতিতে আসা বিদেশি কলটিকে স্থানীয় মুঠোফোন অপারেটরের মাধ্যমে লোকাল কল হিসেবে দেখানো হয়। এ পদ্ধতিতে দেশে কল এলে পয়সা ভাগাভাগির স্বাভাবিক নিয়মটি আর প্রযোজ্য হয় না। এর ফলে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষ রাজস্ব হারায়, আর লাভবান হয় শুধু যে পক্ষ কলটি আনে। বিটিআরসির হিসাবে আগস্টে দেশে প্রতিদিন গড়ে আট কোটি মিনিট কল এসেছে।
বিটিআরসির তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, ১৪ আগস্ট টেলিটক নেটওয়ার্কে অবৈধ ভিওআইপির কাজে ব্যবহার হওয়া সিমের সংখ্যা ছিল ১ হাজার ৭০২টি। ওই দিন বেসরকারি অপারেটরদের মধ্যে রবি আজিয়াটার ২১টি, গ্রামীণফোনের ২টি, র্যাংকসটেলের ১টি সিম ধরা পড়ে। সেদিন এয়ারটেল ও বাংলালিংকের কোনো সিম অবৈধ ভিওআইপিতে ধরা পড়েনি। ২১ আগস্ট অর্থাৎ গতকাল রোববার টেলিটক নেটওয়ার্কে এমন কাজে ব্যবহার হওয়া সিমের সংখ্যা ছিল ৪ হাজার ১৮৪টি। এই আট দিনে টেলিটকের ১৫ হাজার সিমের বিপরীতে গ্রামীণফোনের ২০টি, বাংলালিংকের ৭টি, রবির ৭৫টি, এয়ারটেল ও র্যাংকসটেলের ১টি করে সিম ধরা পড়ে।
শুধু এসবিডি পদ্ধতিতেই নয়, অবৈধ ভিওআইপি ধরতে সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে বিটিআরসির চালানো দুটি অভিযানে মোট ৯ হাজার ১৩০টি সিম ধরা পড়ে। এর মধ্যে টেলিটকের সিম সংখ্যাই ছিল ৬ হাজার ৬৬২। দুটি অভিযানে গ্রামীণফোনের ১ হাজার ৪০৫টি, এয়ারটেলের ৩৮৭টি, রবির ৩৩৮টি ও বাংলালিংকের ১০০টি সিম পাওয়া গেছে বলে জানা গেছে।
টেলিটকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, অবৈধ ভিওআইপিতে কোনো সিম ধরা পড়লে বিটিআরসির নির্দেশনা অনুসারেই স্বয়ংক্রিয়ভাবে সেটি বন্ধ করা হয়।
গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত হচ্ছে গ্রামীণফোনের এমন কোনো সিম পাওয়া গেলে সেটি বন্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। এ জন্য প্রতি দুই ঘণ্টা পরপর কোন সিম কোন কাজে ব্যবহৃত হচ্ছে, তা পরীক্ষা করা হয়। যোগাযোগ করা হলে বাংলালিংক ও রবিও একই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা প্রথম আলোকে জানায়।
গত ৮ দিনে অবৈধ ভিওআইপি কাজে চিহ্নিত সিম
মুঠোফোন ১৪ আগস্ট ১৫ আগস্ট ১৬ আগস্ট ১৭ আগস্ট ১৮ আগস্ট ১৯ আগস্ট ২০ আগস্ট ২১ আগস্ট মোট
অপারেটর
এয়ারটেল ০ ০ ০ ০ ০ ০ ০ ১ ১
বাংলালিংক ০ ০ ১ ৪ ০ ০ ২ ০ ৭
গ্রামীণফোন ২ ৩ ৫ ৫ ০ ০ ২ ৩ ২০
র্যাংকসটেল ১ ০ ০ ০ ০ ০ ০ ০ ১
রবি ২১ ৮ ১১ ৩ ৬ ৭ ৬ ১৩ ৭৫
টেলিটক ১,৭০২ ১, ১২০ ১,৬৭৮ ১, ৮১৮ ১,১৭৮ ১, ০৮৬ ২,২৩৫ ৪, ১৮৪ ১৫,০০১
ছয় অপারেটরের চিহ্নিত মোট সিম ১৫,১০৫