অবৈধ সংযোগ বিষয়ে তদন্ত করবে বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ভেঙে দেশের কোনো মুঠোফোন অপারেটর অবৈধ এনটিটিএন ট্রান্সমিশন সেবা দিচ্ছে কি না, সে বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা।
টেলিযোগাযোগ আইন অনুযায়ী, কোনো মুঠোফোন অপারেটর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ‘লাস্ট মাইল কানেকটিভিটি’ সংযোগ দিতে পারে না। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিযোগাযোগ প্রযুক্তির সর্বশেষ পর্যায়ের সংযোগকে বলা হয় লাস্ট মাইল কানেকটিভিটি। আইন অনুযায়ী নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটররা এই সেবা দিতে পারে। তবে দেশের কোনো স্থানে যদি এনটিটিএন অপারেটরের লাস্ট মাইল কানেকটিভিটি কেব্ল না থাকে, তাহলে মুঠোফোন অপারেটররা নিজেরা এই সংযোগ অবকাঠামো তৈরি করতে পারে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, অনেক জায়গায় এনটিটিএন অপারেটরদের ট্রান্সমিশন নেটওয়ার্ক থাকার পরও মুঠোফোন অপারেটররা সেটি ব্যবহার করছে না। এনটিটিএনের বিকল্প মাধ্যম হিসেবে ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরি করে সেগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার অভিযোগও আছে অপারেটরদের বিরুদ্ধে। এসব ক্ষেত্রে আইন ভাঙা হয়েছে কি না, মূলত সে দিকটিই তদন্ত করে দেখবে বিটিআরসির কমিটি। তদন্ত শেষে একটি বিস্তারিত প্রতিবেদনও তৈরির পরিকল্পনা রয়েছে এ কমিটির।
সম্প্রতি গো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বিটিআরসি। গ্রামীণফোন তাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে লাস্ট মাইল কানেকটিভিটি সংযোগ দিয়েছে বলে জরিমানার কারণ হিসেবে উল্লেখ করেছে বিটিআরসি।
মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটব সম্প্রতি বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে জানায়, এনটিটিএন অপারেটররা সারা দেশে নেটওয়ার্ক সম্প্রসারণ না করায় তাদের সেবার মান বিঘ্নিত হচ্ছে। চিঠিতে দেশে পাঁচটি প্রতিষ্ঠানের এনটিটিএন লাইসেন্স থাকলেও দুটি প্রতিষ্ঠান একচ্ছত্রভাবে বাজার নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করা হয়।
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সারা দেশে ৫৪ হাজার ২২৮ কিলোমিটার ফাইবার অপটিক কেব্ল লাইন রয়েছে। এর মধ্যে এনটিটিএন অপারেটর হিসেবে সামিট কমিউনিকেশনসে ২০ হাজার ৬৭০ কিলোমিটার, ফাইবার অ্যাট হোমের ১৫ হাজার ৪৬৮ কিলোমিটার, বিটিসিএলের ৪ হাজার ৯৩৫ কিলোমিটার, পিজিসিবির ৪ হাজার ৪০২ কিলোমিটার ও বাংলাদেশ রেলওয়ের ২ হাজার কিলোমিটারের বেশি ফাইবার অপটিক কেব্ল রয়েছে।
মুঠোফোন অপারেটরদের মধ্যে বাংলালিংকের ৩ হাজার কিলোমিটার, গ্রামীণফোনের ২ হাজার ৪৯০ কিলোমিটার ও অন্যদের সব মিলিয়ে ১ হাজার ১৫৭ কিলোমিটার ফাইবার অপটিক কেব্ল রয়েছে।