অবৈধভাবে প্লেসমেন্ট শেয়ার বিক্রির দায়ে দুজন আটক
অবৈধভাবে প্লেসমেন্টের শেয়ার বিক্রির দায়ে দুজনকে আটক করেছে র্যাব। প্রাথমিক খবরের ভিত্তিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সহায়তায় গতকাল বৃহস্পতিবার র্যাবের একটি দল রামপুরার বনশ্রীতে অভিযান চালায়। সেখানে গ্রিন বাংলা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের দুই ব্যক্তির সন্ধান পাওয়া যায়, যাঁরা অর্থের বিনিময়ে প্লেসমেন্টের শেয়ার পাইয়ে দিতে শতাধিক লোকের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে নবীউল্লাহ ওরফে শফিউল আলম নবী নিজেকে গ্রিন বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি দাবি করেন। অপরজনের নাম ছাত্তারুজ্জামান শামীম।গতকাল এসইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের পক্ষ থেকে এসব তথ্য দেওয়া হয়। এ সময় এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ ও এ টি এম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।কমিশনের কর্মকর্তারা জানান, গ্রিন বাংলা গ্রুপ শেয়ারবাজারের কোনো তালিকাভুক্ত কোম্পানি নয়। তাদের মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসের কোনো লাইসেন্স নেই। কিন্তু প্রতিষ্ঠানটি বিভিন্ন জনের কাছ থেকে প্লেসমেন্টের শেয়ার দিতে অর্থ গ্রহণ করেছে।এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, তালিকাভুক্ত এবং এখনো তালিকাভুক্ত নয় এ রকম ১৩টি কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের শেয়ার বিক্রি করেছে তারা।কতজনের কাছে বিক্রি করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার অনুসন্ধান প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে গ্রিন বাংলা শতাধিক লোকের সঙ্গে প্রাইভেট প্লেসমেন্টের শেয়ার পাইয়ে দিতে বাণিজ্যিক চুক্তি করেছে।এ টি এম তারিকুজ্জামান বলেন, বিষয়টি খুবই উদ্বেগজনক। কোনো ধরনের নিবন্ধন ছাড়াই একটি ভুয়া কোম্পানি প্রাইভেট প্লেসমেন্টের শেয়ার দেওয়ার বিনিময়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। কী পরিমাণ অর্থ সংগ্রহ করেছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এর পরিমাণ কোটি টাকার কম নয়।অভিযুক্ত ব্যক্তিরা র্যাবকে জানান, তাঁরা প্লেসমেন্টের শেয়ার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিনে বিক্রি করেছেন।