অব্যবস্থাপনার জন্য গরিবেরা প্রণোদনা পায়নি

অতিমারি–উত্তর বাংলাদেশ মোকাবিলার অভিজ্ঞতা ও নীতি বিকল্প শীর্ষক’ দুই দিনের আলোচনার প্রথম দিনের একটি অধিবেশনে বক্তারা। আজ রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের প্রণোদনায় অনেক অব্যবস্থাপনা ছিল, সে জন্য দেখা গেছে, তালিকাভুক্ত দরিদ্র মানুষের অনেকেই সহযোগিতা পাননি। করোনা মহামারি শুরুর পর সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সরকারের দেওয়া আর্থিক প্রণোদনায় এ অব্যবস্থাপনা চিত্র পাওয়া গেছে।

আজ রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘অতিমারি–উত্তর বাংলাদেশ মোকাবিলার অভিজ্ঞতা ও নীতি বিকল্প শীর্ষক’ দুই দিনের আলোচনার প্রথম দিনের অধিবেশনে এ–সংক্রান্ত গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

‘সামাজিক নিরাপত্তা ও মোকাবিলার কৌশল’ শীর্ষক অধিবেশনে গবেষণাপত্র তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা সহযোগী আফরা তাহসিন চৌধুরী। কোভিড-১৯ মোকাবিলায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনধারণ কৌশল এবং প্রভাব’ শীর্ষক গবেষণাপত্রে বলা হয়, মহামারির কারণে দরিদ্রের সংখ্যা বেড়েছে আর তাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারীরা। ২০২১ সালের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে আগে থেকেই দরিদ্র এবং নতুন করে দরিদ্র হয়েছেন—এ দুই ধরনের মানুষের ওপর পরিচালিত জরিপে এই চিত্র উঠে এসেছে।

এরপর ‘অতিমারিকালীন ত্রাণসহায়তা বিতরণের কার্যকারিতা’ শীর্ষক গবেষণাপত্রটি উপস্থাপন করেন সিপিডির গবেষণা সহযোগী মুনতাসির কামাল। এই গবেষণাপত্রে বলা হয়, মাঠপর্যায়ের জরিপে দেখা যাচ্ছে, তালিকাভুক্ত ৮৫ শতাংশ মানুষ জানতেন-ই না, প্রণোদনা না পেলে অভিযোগ করার সুযোগ আছে। ৬০ শতাংশ মানুষ প্রণোদনার কিছুই পাননি। আর প্রযুক্তির কল্যাণে গ্রামের তুলনায় শহরেই বেশি সহায়তা পৌঁছেছে। চর, হাওর ও উপকূলসহ দেশের বিভিন্ন স্থানের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর এই জরিপ করা হয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম আজকের সভা সঞ্চালনা করেন। সিপিডির গবেষকদের মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে তৈরি গবেষণাপত্র উপস্থাপনের পর শুরু হয় মুক্ত আলোচনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান এম আবু ইউসুফ প্রান্তিক মানুষের কাছে সহযোগিতা পৌঁছানো ও তাঁদের অভিযোজন নিয়ে বক্তব্য দেওয়ার পর আলোচনা করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, প্রণোদনায় শুধু পরিমাণ বাড়ানোই গুরুত্বপূর্ণ নয়, কোন প্রক্রিয়ার তা পৌঁছানো হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আর্থিক এ প্রণোদনা বণ্টনের মূল ভূমিকায় ছিলেন প্রশাসনের এক অংশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা। একটি নম্বরে কয়েক শ মানুষের নাম তালিকাভুক্ত হওয়ার খবর সবার জানা। অথচ প্রান্তিক জনগোষ্ঠী প্রণোদনা পায়নি। সরকারের এই প্রণোদনা প্যাকেজ ছিল মূলত ব্যবসায়ীবান্ধব।

অনুষ্ঠানে বলা হয়, মহামারিতে মানুষের জীবন-জীবিকার স্বার্থে অন্যান্য দেশের মতো দেশেও আর্থিক প্রণোদনা ঘোষণা করে সরকার। কিন্তু এর বাস্তবায়ন নিয়ে হতদরিদ্র মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।