অব্যবহূত ব্যান্ডউইথ ব্যবহারের উদ্যোগ বিটিসিএলের
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ২২ কোটি টাকার ব্যান্ডউইথ রপ্তানি করতে যাচ্ছে। এ লক্ষ্যে শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন কেব্ল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিটিসিএল। আগামী তিন বছর ভাড়ার ভিত্তিতে ১০ গিগাবাইট ব্যান্ডউইথ ব্যবহারের বিনিময়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে এ অর্থ পরিশোধ করবে। খবর বাসসের।এ ব্যাপারে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ১০ গিগাবাইট ব্যান্ডউইথ ভাড়ার ভিত্তিতে ব্যবহারের জন্য বিটিসিএল একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল। এতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের সাবমেরিন কেব্ল প্রতিষ্ঠানটি দরপত্র জমা দেয়। চুক্তির বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। আগামী তিন মাসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, বাংলাদেশে বর্তমানে ৪৪ দশমিক ৮ গিগাবাইট ব্যান্ডউইথ আছে। এর মধ্যে ইন্টারনেট ও ভয়েস মিলে মোট ১৫ গিগাবাইট ব্যবহূত হচ্ছে। বাকি প্রায় ৭০ শতাংশ ব্যান্ডউইথই অব্যবহূত থেকে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থার্ড আপগ্রেডেশনের কারণে কনসোর্টিয়াম থেকে আরও ৯৬ গিগাবাইট ব্যান্ডউইথ পেতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশে বর্তমান চাহিদার তুলনায় প্রায় আট গুণ বেশি ব্যান্ডউইথ যুক্ত হবে। এ অতিরিক্ত ব্যান্ডউইথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় অতিরিক্ত ব্যান্ডউইথ রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। মনোয়ার হোসেন আরও বলেন, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মযজ্ঞে বিপুল পরিমাণ ব্যান্ডউইথের প্রয়োজন হবে। এর পাশাপাশি গুগল ও ইয়াহু বাংলাদেশে ব্যান্ডউইথ ব্যবহার শুরু করলে স্থানীয়ভাবে এর চাহিদা অনেকটাই বেড়ে যাবে। তিনি জানান, ভবিষ্যতে দেশে ব্যান্ডউইথের চাহিদার অনুপাতে পর্যাপ্ত অংশ রেখে বাকিটুকু রপ্তানির জন্য এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।