বিদেশি পর্যটকেরা এখন থেকে নিজ দেশে ফিরে যাওয়ার সময় যেকোনো মানি চেঞ্জার থেকে অব্যবহৃত টাকা ডলারে পরিবর্তন করতে পারবেন। তবে এই সীমা ৫০০ ডলার পর্যন্ত।
আগে বিদেশিরা যে মানি চেঞ্জারে ডলারের বিনিময়ে টাকা নিতেন, শুধু সেখান থেকেই টাকা ফেরত নেওয়ার সুযোগ ছিল। যে কারণে অনেক বিদেশিকে বাধ্য হয়ে অব্যবহৃত টাকা নিজ দেশে ফেরত নিয়ে যেতে হতো।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তা দেশের সব মানি চেঞ্জার প্রতিষ্ঠান ও অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন-২০০৯ আইনে নিবন্ধিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো বিদেশি পর্যটকদের অব্যবহৃত টাকার বিপরীতে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত নগদ পরিশোধ করতে পারে। আগের নিয়মে যে মানি চেঞ্জার প্রতিষ্ঠান থেকে ডলার ভাঙিয়েছিল, সেই প্রতিষ্ঠান থেকেই ভাঙানোর সুযোগ ছিল। কিন্তু এখন থেকে নিবন্ধিত কোনো মানি চেঞ্জারে ডলার ভাঙানোর প্রমাণপত্র দেখিয়েই অন্য যেকোনো মানি চেঞ্জারে গিয়ে ডলার নেওয়া যাবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মানি চেঞ্জারকে বিদেশি পর্যটকের ডলার ভাঙানোর আসল প্রমাণপত্র সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।