অব্যবহৃত ভবনের তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি টাকায় দেশের বিভিন্ন স্থানে তৈরি করা যেসব ভবন অব্যবহৃত পড়ে আছে, সেসব স্থাপনার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন কতটি স্থাপনা জনবলের অভাবে খালি পড়ে আছে, তা খুঁজে বের করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন।

জানতে চাইলে পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারী প্রথম আলোকে বলেন, ‘জনবলের অভাবে অনেক ভবন চালু করা যাচ্ছে না। এমন কতগুলো ভবন অব্যবহৃত পড়ে আছে, তা কারও জানা নেই। প্রধানমন্ত্রী বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় একটি জরিপের মাধ্যমে কিংবা মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকে এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছি। কোন কোন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় কত ভবন বা স্থাপনা অব্যবহৃত পড়ে আছে, সেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।’

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, সরকারি টাকায় তৈরি করা অনেক স্থাপনা এখন পড়ে আছে শুধু জনবলের অভাবে। সেখানে যেসব কার্যক্রম চালুর কথা, তা করা যাচ্ছে না। এতে সরকারি টাকার অপচয় হচ্ছে। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় ধীরে ধীরে ভবনগুলো নষ্ট হচ্ছে। রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য পাঁচতলাবিশিষ্ট একটি হাসপাতাল জনবলের অভাবে চালু করা যাচ্ছে না চার বছর ধরে। হাসপাতালটি করা হয়েছিল আগুনে পোড়া রোগীদের সেবার জন্য। হাসপাতালটি পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ১৫২টি পদের বিপরীতে জনবল চাওয়া হলেও এখনো মেলেনি। যার ফলে হাসপাতালটির কার্যক্রম চালু করা যাচ্ছে না। ফলে হাসপাতালটি এখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে গাজীপুরে অবস্থিত শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারটি তৈরি করা হয়েছিল চার বছর আগে। সেন্টারটি করার উদ্দেশ্য ছিল, বন, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সম্পর্কিত প্রশিক্ষণ ও গবেষণা করা। বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন সেখানে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করবেন। কিন্তু জনবলের অভাবে সেন্টারটির কার্যক্রম পুরোদমে চালু করা যাচ্ছে না। কোনোরকমে সেন্টারটির কার্যক্রম চালু হলেও জনবলের অপ্রতুলতায় কার্যক্রম চলছে ধুঁকে ধুঁকে। এ রকম কতগুলো স্থাপনা সারা দেশে আছে, তা খুঁজে বের করতেই এখন জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনবলের অভাবে স্থাপনা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার আলোচনাটি উঠে আসে একনেক সভায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দিতে গিয়ে। ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, একসময় সরকারি কর্মকর্তাদের বনিয়াদি প্রশিক্ষণ ছিল ৪ মাস। পরে তা বাড়িয়ে করা হয় ৬ মাস। যেটা এখন বহাল আছে। কর্মকর্তাদের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস বাড়িয়ে ১০ মাস করার কথা বলেন তিনি।