অব্যাহত আস্থাহীনতার জন্যই দরপতন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার ধসের দুই বছরের বেশি সময় অতিবাহিত হলেও বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা থাকায় বাজারে দরপতন অব্যাহত রয়েছে।বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর চলতি মাসের ‘বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনা’ প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারবাজার ধসের দুটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া, নিয়ন্ত্রণ সংস্থার সক্ষমতা-সংকট, সরকারসহ বিভিন্ন মহলের দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়া এবং সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বাজারে তারল্যের অভাব থাকায় সৃষ্ট আস্থাহীনতা পতনশীল অবস্থা বজায় রেখেছে।উন্নয়ন অন্বেষণ মনে করে, নিয়ন্ত্রণ সংস্থার সক্ষমতা সীমিত ও নিয়ন্ত্রণ পদ্ধতি ত্রুটিপূর্ণ। তাই শেয়ারের দরের অতিমূল্যায়ন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ন্যূনতম বাধ্যবাধকতা না মানা এবং ত্রুটিপূর্ণ নিরীক্ষাব্যবস্থা পরিলক্ষিত হয়। সংকোচনমূলক মুদ্রানীতির ফলে বিরাজমান উচ্চ সুদের হার এবং সরকারের আর্থিক ঘাটতি পূরণের জন্য ব্যাংকিং খাতের ঋণের ওপর নির্ভরশীলতা বৃদ্ধিও পুঁজিবাজারে তারল্য কমিয়েছে।বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনার জন্য উন্নয়ন অন্বেষণ বহুমুখী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। প্রতিষ্ঠানটি বলছে, বাজারধসের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, ব্যবসা পরিচালনায় নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রণ পরিপালনে কঠোরতা আরোপ করলে, সাধারণ বিনিয়োগকারীদের জন্য তারল্য সরবরাহ বাড়ালে এবং সরকারঘোষিত পদক্ষেপগুলো দ্রুত পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হলে আস্থার সংকট কাটতে পারে।প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে তারল্যের পরিমাণ ২০১০-১১ অর্থবছরের তুলনায় ২০১১-১২ অর্থবছরে ৬৪ শতাংশ কমেছে।বাজারধসের অন্যতম কারণ হিসেবে উন্নয়ন অন্বেষণ শেয়ারের দর অতিমূল্যায়িত হওয়াকে চিহ্নিত করেছে। তারা বলেছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মূল্য প্রকৃত মূল্যের চেয়ে অনেক বেশি হওয়ায় সূচকের বৃদ্ধি ঘটে, যা বাজার-সূচকের পতনকে ত্বরান্বিত করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।উন্নয়ন অন্বেষণ বলছে, ১৯৯৬ সালের শেয়ারবাজারের পতন হয়েছিল স্বল্প সময়ে কৃত্রিম চাহিদা তৈরির মাধ্যমে। আর ২০১০-১১ সময়কালের পরিস্থিতি ছিল ১৯৯৬ সাল থেকে ভিন্ন। এ সময় বড় বিনিয়োগকারীরা জোট বা চক্র তৈরির মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা না তুলে নেওয়া পর্যন্ত সূচক প্রায় এক বছর উচ্চপর্যায়ে ছিল।অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দক্ষ ও পর্যাপ্ত মানবসম্পদের অভাব এবং বাজার নিয়ন্ত্রণে সক্ষমতার ঘাটতি পরিস্থিতিতে আরও নাজুক করে। এসব ফাঁকফোকরের মাধ্যমে শেয়ারের অতিমূল্যায়ন করা হয়েছে। বিএসইসি এবং স্টক এক্সচেঞ্জ উভয়ই প্রাথমিক শেয়ার ও রাইট শেয়ার ছাড়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় দক্ষতার অভাবের পরিচয় দিয়েছে।গবেষণাপ্রতিষ্ঠানটির মতে, বাস্তব অর্থনীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও কার্টেলের কারসাজির মাধ্যমে সূচকের উত্থান বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। পরবর্তী সময়ে বাজার থেকে কার্টেল বা চক্রের সদস্যরা মূলধন তুলে নিয়ে গেছেন। আর সর্বস্বান্ত হয়েছেন লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী।উন্নয়ন অন্বেষণ আরও বলছে, ক্রমবর্ধমান অস্থিরতা শেয়ারবাজার পরিস্থিতিকে অত্যন্ত নাজুক অবস্থায় দাঁড় করিয়েছে। এর নেতিবাচক প্রভাবে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী তাঁদের মূলধন হারিয়ে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।