অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পঞ্চম দিনের দরপতনের ঘটনায় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেন। আজ ডিএসইতে সূচকের পতনের পাশাপাশি কমেছে প্রায় সব কোম্পানির শেয়ারের দাম ও আর্থিক লেনদেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্টের বেশি পড়ে গেলে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা আজও রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় অর্থমন্ত্রী, ডিএসইর প্রেসিডেন্ট ও এসইসির চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বেলা দুইটার দিকে পুলিশ রাস্তা থেকে বিনিয়োগকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।বিনিয়োগকারীরা অভিযোগ করেন, অব্যাহত দরপতনে তাঁরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকের পোর্টফোলিও প্রায় ২০ শতাংশে পৌঁছেছে। এ অবস্থায় তাঁরা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তাঁদের পুঁজি হারিয়ে পথে বসতে হবে বলে জানান তাঁরা। অনেকে শেয়ারবাজার নিয়ে গতকাল সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মন্তব্যের বিরূপ মন্তব্য করেছেন। বিনিয়োগকারীদের মতে, একজন নীতিনির্ধারকের পক্ষ থেকে এমন মন্তব্য বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। আজকের দরপতনের পেছনে অর্থমন্ত্রীর বক্তব্য প্রভাব ফেলতে পারে বলে অনেকে মন্তব্য করেন।ব্র্যাক ইপিএলে লেনদেন করা এক বিনিয়োগকারী নিজের পোর্টফোলিও দেখিয়ে বলেন, তিনি দুই লাখ ৭০ হাজার টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছিলেন। গতকাল রোববার পর্যন্ত তাঁর পোর্টফোলিও প্রায় ১৫ শতাংশে নেমে এসেছে। তিনি জানান, আজও তাঁর পোর্টফোলিওতে প্রায় ১০ শতাংশ কমেছে। এতে তাঁর আর মাত্র ৪ শতাংশ পুঁজি বাকি আছে। ওই বিনিয়োগকারী আরও জানান, তিনি ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, ইউসিবিএল ও ওয়ান ব্যাংকের শেয়ার কিনেছিলেন। ভালো মৌল ভিত্তির শেয়ার হওয়া সত্ত্বেও অব্যাহত দরপতনে এসব কোম্পানিরও দাম কমে যায়।এদিকে অব্যাহত দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা কাল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।বাজার পরিস্থিতি: আজ ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ২৬০.২৭ পয়েন্ট কমে ৫২০৩.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন শুরুতে সূচক ১৪৫ পয়েন্ট কমে যায়। বেলা ১২টার দিকে সাধারণ সূচক ২০০ পয়েন্টের বেশি পড়ে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় কিছু সময়ের জন্য সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আবারও পতন শুরু হয়, যা সারাদিনই অব্যাহত থাকে।আজ ডিএসইতে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত ছিল নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৪৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা বেশি। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে ৫০১ কোটি টাকার লেনদেন হয়।।অন্যদিকে সিএসইর সাধারণ সূচক আজ ৭২৫.৯২ পয়েন্ট বা ৪.৭১ শতাংশ কমে ১৪,৬৮৪.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত ছিল ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৬৬ কোটি টাকার লেনদেন হয়।