অব্যাহতি চাওয়া হয়েছে বিদেশি ব্যাংকের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোকে বিদ্যমান ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা পরিপালন থেকে অব্যাহতি দিতে চাইছে বাংলাদেশ ব্যাংক।
এই অব্যাহতির সম্মতি চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকে একটি চিঠি পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০১৩)-এ বলা হয়েছে, ‘কোনো ব্যাংক কোম্পানি স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার হিসেবে বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে নিবন্ধন গ্রহণের প্রয়োজন পড়ে—এরূপ কোনো ব্যবসায়ে সরাসরি লিপ্ত হতে পারবে না।’
এই ধারা উল্লেখ করে চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এ-জাতীয় ব্যবসা করতে হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিয়ে সাবসিডিয়ারি কোম্পানি (সহযোগী প্রতিষ্ঠান) গঠন করার নিয়ম করা হয়েছে। আর তা করা হয়েছে মূলত ব্যাংকগুলোর পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ততা কমানোর জন্য।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সিটিব্যাংক এনএ, হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি), স্ট্যান্ডার্ড চার্টার্ড ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন—এই চার ব্যাংক সিকিউরিটি কাস্টডিয়ান সেবা দিয়ে আসছে। বহুজাতিক ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এই চার ব্যাংকের অধিকাংশ গ্রাহক। বর্তমানে ব্যাংকগুলোর কাস্টডিতে সম্পদের পরিমাণ ১২০ কোটি ডলার (প্রায় নয় হাজার ১২০ কোটি টাকা)।
সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক চারটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন ছাড়া কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনা করতে পারবে না। বিদেশে নিবন্ধিত ব্যাংকের বাংলাদেশ শাখা হিসেবে ব্যাংকগুলো কাজ করছে বলে মূলত সংকটটি তৈরি হয়েছে। কারণ, সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে হলে তাদের প্রধান কার্যালয়ের অনুমোদন লাগবে।
বিষয়টি নিয়ে ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আলোচনা হওয়ার পরই গভর্নর এ চিঠি লিখেছেন বলে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজারের আকার বিবেচনায় চার ব্যাংকের প্রধান কার্যালয়ের এখানে সাবসিডিয়ারি কোম্পানি গঠনে আগ্রহী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে তিনি বিষয়টি বুঝতে পেরেছেন।
যোগাযোগ করলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের বেশির ভাগই আসে উল্লিখিত চার ব্যাংকের মাধ্যমে। আর পুঁজিবাজারের স্বার্থে তিনিও বাংলাদেশ ব্যাংকের চাওয়া এই অব্যাহতির পক্ষে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এ রকম একটি চিঠি পেয়েছি। আইন-কানুন খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’