অভিনব পদ্ধতিতে সিআরআর সমন্বয় করবে কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ জমার নগদ অংশ (সিআরআর বা ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট) সংরক্ষণের ক্ষেত্রে অভিনব এক পদ্ধতি আসছে। এই পদ্ধতি অনুসারে কোনো ব্যাংক নির্ধারিত সময় শেষে তাদের জমা সংরক্ষণ করতে না পারলে অন্য কোনো ব্যাংকের অতিরিক্ত জমা থেকে তা সমন্বয় করা হবে।যেদিন এই সমন্বয় হবে, ওই দিনের আন্তব্যাংক মুদ্রাবাজার থেকে ধার করা অর্থের সুদের হার বা কলমানির গড় দরে ঘাটতিতে থাকা ব্যাংককে অতিরিক্ত অর্থ সংরক্ষণকারী ব্যাংকের সুদ হিসাবে পরিশোধ করতে হবে। গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে।নতুন এই ব্যবস্থা সম্পর্কে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের ব্যাংকার্স বৈঠকে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, যেসব ব্যাংকের অতিরিক্ত অর্থ জমা আছে তা দিয়ে ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর ঘাটতি সমন্বয় করা হবে।কিন্তু, এতে বাজারে প্রতিযোগিতা এবং তারল্য ও সম্পদ ব্যবস্থাপনায় দক্ষ-যোগ্য ব্যাংকগুলোর সঙ্গে অযোগ্য ব্যাংকের বিষয়টি একাকার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। একইভাবে অন্যান্য ক্ষেত্রেও এর প্রতিফলন হতে পারে। ফলে প্রতিযোগিতার মাধ্যমে ঋণ ও আমানতের সুদের হার নির্ধারণের বিষয়টি আর সেভাবে কার্যকর হবে না।আবার মাত্র কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে টিকারের মাধ্যমে ট্রেজারি বন্ডের যে দ্বিতীয় স্তরের (সেকেন্ডারি) বাজার তৈরির উদ্যোগ নিয়েছিল, কিংবা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের এই দ্বিতীয় স্তরের বন্ড বাজার সম্প্রসারণ-উন্নয়নের যে চেষ্টা ছিল, তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।এ প্রশ্নে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন সাংবাদিকদের বলেন, ‘এখনো প্রস্তাব প্রাথমিক অবস্থায় রয়েছে। সব ব্যাংক বসে এটি ঠিক করা হবে।’তবে জানা গেছে, পুরো বিষয়টি কার্যত প্রায় গুছিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। এ পথেই আপাতত অগ্রসর হতে চায় তারা। অন্যদিকে গতকাল সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত অর্থ থাকা ব্যাংকগুলোর কাছ থেকে ঘাটতিতে থাকা ব্যাংকের বিধিবদ্ধ জমা মেটানোর চিন্তা করছি।’বৈঠকে গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে বেরিয়ে আসা ব্যাংক খাতে একের পর এক অনিয়মে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্যাংকের সুশাসন অনেকাংশে নির্ভর করে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকর বাস্তবায়নের ওপর।গভর্নর বলেন, ‘আমি উদ্বিগ্ন যে আপনারা হয়তো এদিকে যথাযথ মনোযোগ দিচ্ছেন না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শন প্রতিবেদনে বিভিন্ন ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে।’ বৈঠক শেষে সুর চৌধুরী সাংবাদিকদের আরও বলেন, ব্যাংক খাতে আমানত ও ঋণের সুদহারের ব্যবধান, বেসরকারি খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ, বিনিময়হার, ব্যাংকের নিয়ন্ত্রণব্যবস্থা, ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের পরিপালনে ব্যাংকগুলোর দীর্ঘসূত্রতা, অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ঋণ বিতরণ, অভ্যন্তরীণ বিল ক্রয় (এবিপি বা অ্যাকোমডেশন বিল পরিশোধ), ঋণগ্রহীতাদের ঝুঁকি (সিআরজি) নির্ধারণ না করে ঋণ বিতরণের প্রবণতা, ব্যাংকে চাকরির ক্ষেত্রে ব্যাংক ড্রাফটের নামে টাকা না নেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।সুর চৌধুরী বলেন, ‘আমরা ব্যাংকগুলোকে একাধিকবার সতর্ক করলেও অধিকাংশ ব্যাংকের ঋণ ও আমানতের সুদহার ৫ শতাংশীয় মাত্রার ওপরে রয়েছে। তারা যদি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা এড়িয়ে চলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’লিখিত বক্তব্যে গভর্নর আরও বলেন, কোনো কোনো ব্যাংকে ঋণ মঞ্জুরের আগে তহবিলব্যবস্থাপনা বিভাগের মতামত নেওয়া হয় না বা নিলেও তা গুরুত্বসহকারে বিবেচনা করা হয় না। কোনো কোনো ব্যাংক তার তহবিলের সার্বিক অবস্থা বা গুরুত্বপূর্ণ তথ্যাদি পরিচালনা পর্ষদকেও অবহিত করছে না। অন্যদিকে কিছু ব্যাংক তাদের আর্থিক লেনদেনের হিসাবভুক্তির ক্ষেত্রেও অনিয়ম করছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। যেমন—মাসিক, ত্রৈমাসিক ভিত্তিতে শাখা থেকে মুনাফা স্থানান্তর না করা সত্ত্বেও শুধু রিপোর্টিং এর জন্য হিসাব বিবরণীতে তা প্রদর্শন করছে, কোনো ভাউচার পাস না করেই প্রভিশন দেখানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। এসব অনিয়ম ব্যাংকের প্রকৃত আর্থিক সুস্থতা যাচাইয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে এবং ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থায় মাত্রাতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করছে। এ কারণে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকের এমডি ও সিওদের অনুরোধ জানান তিনি।