অভিন্ন অভিহিত মূল্য সমন্বয়ে কিছু বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে তিনটি বাদে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের অভিহিত মূল্য (ফেসভ্যালু) এখন ১০ টাকা। গতকাল রোববার থেকেই ১৩৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের নতুন অভিহিত মূল্যে লেনদেন শুরু হয়। এ জন্য সংশ্লিষ্ট কোম্পানি ও ফান্ডের দাম সমন্বয় করা হয়।দাম সমন্বয়ের ব্যাপক ব্যবধান দেখে বিনিয়োগকারীদের অনেকের মধ্যে তা বিভ্রান্তির জন্ম দেয়। অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। এ জন্য লেনদেন চলাকালেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ স্পষ্টীকরণ ব্যাখ্যা দেয়, যা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাতে বলা হয়, অভিহিত মূল্য পরিবর্তনজনিত কারণে দাম সমন্বয় করার পর ১৩৪ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। আর একটি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। এই দর বাড়া ও দর কমার ওপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্ত না নেওয়ার জন্য ডিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়।ব্যাখ্যায় আরও বলা হয়, দাম সমন্বয়ের ভিত্তিতেই মূল্যসূচকের হিসাব করা হয়েছে। এ ক্ষেত্রে আগের দিনের সর্বশেষ বাজারমূল্যকে হিসাবে ধরা হয়নি। অভিহিত মূল্য পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রায় ৯০ শতাংশ দাম সমন্বয় করতে হয়।এদিকে ঢাকা সিটি করপোরেশন বিভক্তির প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের মধ্যেও দেশের দুই স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন সম্পন্ন হয়েছে। তবে দিন শেষে দুই বাজারেই দরপতন ঘটে। লেনদেনের পরিমাণও তুলনামূলক কমে।সপ্তাহের শেষ কার্যদিবসে গত বৃহস্পতিবার ঢাকার বাজারে প্রায় ১৯৬ কোটি টাকার লেনদেন হয়। যদিও ওই দিন ১৩৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ ছিল। সেখানে গতকাল ২৪৯ কোম্পানির লেনদেন হয়, আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১০ কোটি টাকা।ডিএসইর সংশ্লিষ্ট সূত্র জানায়, লেনদেন শুরুর আগেই ২১৬টি ব্রোকারেজ হাউস ট্রেড সার্ভারে লগ-ইন করে লেনদেনে অংশগ্রহণে সম্মত হয়। এ কারণে স্বাভাবিক লেনদেন চালু রাখতে সংস্থাটিকে কোনো ধরনের বেগ পেতে হয়নি। নিয়ম অনুযায়ী, স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখতে নির্ধারিত সময়ের আগে ডিএসইর ট্রেড সার্ভারে সর্বনিম্ন ৭২টি প্রতিষ্ঠানকে অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। রোববার লেনদেন শুরুর আগেই নির্ধারিত সেই কোটা পূর্ণ হয়।তবে হরতালের কারণে এই দিন ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। যদিও ধারাবাহিক দরপতনের কারণে এরই মধ্যে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কমে গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হরতাল ও অভিহিত মূল্য পরিবর্তন বাজারে লেনদেনের ওপর প্রভাব ফেলেছে। অভিহিত মূল্য পরিবর্তনের প্রভাব দেখতে অনেকে লেনদেনে অংশ না নিয়ে দিনভর বাজার পর্যবেক্ষণ করেছেন।গতকাল লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৬১ পয়েন্টে। মোট ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৫টিরই দাম কমেছে, বেড়েছে ২০টির আর অপরিবর্তিত ছিল নয়টি প্রতিষ্ঠানের দাম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৩ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে ১৬৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে ১৪৬টিরই দাম কমেছে, বেড়েছে ১৬টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। দিন শেষে সিএসইতে ২৮ কোটি টাকার লেনদেন হয়। আগের দিন কমসংখ্যক প্রতিষ্ঠান নিয়ে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি টাকা।