অভিন্ন অভিহিত মূল্যের খবরে পুঁজিবাজার চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের অভিন্ন অভিহিত মূল্য (ফেসভ্যালু) নির্ধারণের ঘোষণায় ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। গতকাল বুধবার দেশের দুই বাজারে লেনদেনের পুরোটা সময় চাঙাভাব বজায় ছিল। এমনকি বাজারের লেনদেনেও ছিল চাঙাভাব। মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় তালিকাভুক্ত সব কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের অভিন্ন অভিহিত মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে তালিকাভুক্ত সব কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের অভিহিত মূল্য হবে এক ও অভিন্ন (১০ টাকা)। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শেয়ারের দামের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়। দিনের শুরু থেকে লেনদেন ও শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে অভিন্ন অভিহিত মূল্য নির্ধারণের স্পষ্ট প্রভাব দেখা যায়। দিনের শুরু থেকেই দাম বাড়ার শীর্ষে ছিল ১০০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিগুলো। তার বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমতে থাকে। যদিও লেনদেনের শেষ ঘণ্টায় এসে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দরপতনের গতি কিছুটা কমে। বাজার বিশ্লেষকদের মতে, অভিহিত মূল্য পরিবর্তনে কোম্পানির মৌলভিত্তির কোনো পরিবর্তন হয় না। তার পরও বাজারে এই খবরের মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে। বর্তমানে লেনদেন হওয়া ১০ টাকা অভিহিত মূল্যের বাজারদরের সঙ্গে অনেকে ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজারদরের তুলনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন। যার ফলে দেখা গেছে গতকাল ১০০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিগুলোর প্রতিই ছিল বিনিয়োগকারীদের বেশি আকর্ষণ।ঢাকার শেয়ারবাজারে গতকাল লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির ছয়টিই ছিল ১০০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি। একইভাবে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির সবকটিই ছিল ১০০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি। টানা কয়েক দিনের ধারাবাহিক দরপতনের পর গতকাল শেয়ারের দাম ও মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই লেনদেন শুরু হয়। দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৩১ পয়েন্ট। যদিও লেনদেনের একপর্যায়ে সূচক আগের দিনের চেয়ে প্রায় ১১৪ পয়েন্ট বেড়ে সর্বোচ্চ ছয় হাজার ১৫৯ পয়েন্টে উঠেছিল। গত মঙ্গলবার ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন নেমে এসেছিল প্রায় ২৮৬ কোটি টাকায়। আর গতকাল সেটি বেড়ে হয়েছে প্রায় ৫৪৫ কোটি টাকা। সেই হিসাবে বুধবার ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। লেনদেন বাড়ার কারণ হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত কয়েক দিনের ধারাবাহিক দরপতনের কারণে অনেক বিনিয়োগকারী নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। অনেকে হাতে শেয়ার ধরে রেখেছিলেন। গতকাল দিনের শুরু থেকে দাম বাড়তে থাকায় অনেক বিনিয়োগকারী সক্রিয় হয়ে ওঠেন। দিনশেষে ঢাকার বাজারে ২৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়। তার মধ্যে ১৮৫টিরই দাম বেড়েছে, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৪৪ পয়েন্ট। দিনশেষে সিএসইতে ১৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। তার মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। বুধবার চট্টগ্রামের বাজারে প্রায় ৬৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা বেশি।