অভিন্ন ফরমে ব্যাংক হিসাব খুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকগুলোকে একই রকম হিসাব খোলার ও গ্রাহক পরিচিতি ফরম চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আগামী ১ এপ্রিল থেকে সব ব্যাংককে অবশ্যই হিসাব খুলতে একই রকম ফরম চালু করতে হবে। এ জন্য ব্যাংকগুলোকে নমুনা ফরম সরবরাহ করেছে বিএফআইইউ। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত মানার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ব্যাংককে ১ এপ্রিলের মধ্যে অভিন্ন ফরম অবশ্যই চালু করতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী গ্রাহকের সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণের দায়িত্ব ব্যাংকগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া নমুনা ফরমের সব তথ্যই ব্যাংকের ফরমে থাকতে হবে, তবে প্রয়োজনে ব্যাংকগুলো আরও তথ্য যুক্ত করতে পারে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো প্রচলিত ও সামঞ্জস্যপূর্ণ ইসলামি শব্দ ব্যবহার করতে পারবে। ব্যক্তি হিসাব খোলার আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত সুবিধাভোগীর স্বাক্ষর সংগ্রহ না করলেও চলবে। তবে ব্যাংক কর্তৃক গ্রাহক চিহ্নিত করে তার সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে।