অভিন্ন মানদণ্ড অনুসরণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানা পরিদর্শনে অভিন্ন মানদণ্ড অনুসরণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও আন্তর্জাতিক ক্রেতারা।
‘টেকনিক্যাল ওয়ার্কশপ অন স্ট্যান্ডার্ড ফর অ্যাসেসমেন্ট অব বিল্ডিং, ফায়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় এ সিদ্ধান্ত হয়। রাজধানীর একটি হোটেলে শ্রম মন্ত্রণালয় ও আইএলও গতকাল শনিবার এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালা শেষে শ্রমসচিব মিকাইল শিপার সাংবাদিকদের বলেন, কর্মশালার সিদ্ধান্ত অনুযায়ী ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও মার্কিন ক্রেতাদের সংগঠন অ্যালায়েন্সের প্রতিনিধিরা এক হাজার ৭৫০টি কারখানা পরিদর্শন করবেন। সরকার বাকি কারখানাগুলোর পরিদর্শন চলতি মাসেই শুরু করবে।
তবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও পুরো বিষয়টি সময়সাপেক্ষ—এমনটাই মত দিয়েছেন বক্তারা।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, অভিন্ন মানদণ্ডের বিষয়টি খুব সহজ হবে না।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ ও পররাষ্ট্রসচিব শহিদুল হক। কর্মশালায় কারখানা পরিদর্শনের ভিন্ন ভিন্ন কারিগরি দিক উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক এবং অ্যাকর্ড ও অ্যালায়েন্সের প্রতিনিধিরা।
ইইউ প্রতিনিধিদলের হেড অব টেকনিক্যাল কো-অপারেশন ফিলিপ জ্যাকুয়েস বলেন, ২০১৪ সালের জানুয়ারি মাসে উন্নয়নশীল দেশগুলোর জন্য ইইউর জিএসপি সুবিধার নতুন নিয়ম চালু হবে। তার আগেই বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নমূলক কাজগুলোর বাস্তবায়ন শুরু করতে হবে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, রানা প্লাজা ধস-পরবর্তী ত্রিপক্ষীয় জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন খুব জরুরি। এ জন্য অভিন্ন নীতিমালারও প্রয়োজন আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের সদস্যসচিব ওয়াজেদুল ইসলাম, বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের আসিফ ইব্রাহিম প্রমুখ।