অভিন্ন হারে করপোরেট করের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শ্রেণির কোম্পানিকে অভিন্ন হারে কর দিতে হবে, যা করপোরেট কর নামে পরিচিত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন আয়কর আইনের খসড়ায় এ প্রস্তাব করেছে। বর্তমানে আটটি ক্যাটাগরির কোম্পানির কাছ থেকে ২৫ থেকে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত করপোরেট কর আদায় করা হয়।
খসড়ায় আরও প্রস্তাব করা হয়েছে, সমবায় সমিতি, অন্যান্য সমিতি, অলাভজনক প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের জন্য পৃথক করহার থাকবে। আর উঠে যাবে ব্যক্তিশ্রেণির করদাতার জন্য ন্যূনতম করের বিধান। এ ছাড়া সিকিউরিটিজের সুদের অর্থ ও কৃষি খাত থেকে প্রাপ্ত অর্থ ‘আয়’ হিসেবে ধরা হবে না।
নতুন আইনের খসড়া নিয়ে এনবিআর গতকাল রোববার পরামর্শ সভার আয়োজন করে। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। 
সভায় জানানো হয়, নতুন আইনটি বাংলা ভাষায় প্রণয়ন করা হবে। সহজ করে লেখা হবে, যাতে সাধারণ করদাতারা বুঝতে পারেন।
আইনের খসড়ায় প্রস্তাব করা হয়েছে, কোম্পানি করদাতার মোট সম্পদের ওপর পৃথক করারোপ করা হবে। কোনো প্রতিষ্ঠানের লভ্যাংশের পাশাপাশি শাখা মুনাফার (ব্রাঞ্চ প্রফিট) ওপরও আলাদাভাবে কর বসবে। এ ছাড়া নিট সম্পদের ওপরও কর বসবে। নতুন আয়কর আইনের খসড়ায় উৎসে করের পরিধি কমানোর প্রস্তাব রাখা হয়েছে। সে অনুযায়ী পরিধি ৫৪টি খাতের পরিবর্তে ১৫টিতে সীমিত করা হবে। উৎস পর্যায়ে চূড়ান্ত কর আরোপের বিধানও উঠে যাবে। কর অবকাশ ও কর অব্যাহতি না রাখা কিংবা সীমিত করার প্রস্তাবও করা হয়েছে খসড়ায়।
আলোচনা সভায় নতুন কর আইনের খসড়ার সারসংক্ষেপ উপস্থাপন করেন এনবিআরের প্রথম সচিব (করনীতি) শব্বির আহমদ। ২০১০-১১ অর্থবছরে প্রথম আয়কর আইনের খসড়া প্রণয়নের কাজ শুরু হয়। এরপর সে বছরই ইংরেজি ভাষায় খসড়াটি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করে মতামত নেওয়া হয়। কিন্তু খসড়াটির বিষয়ে বিভিন্ন মহল থেকে ইতিবাচক মত না পাওয়ায় তা পরিমার্জনের কাজ শুরু করা হয়। ২০১৩ সালে চূড়ান্ত খসড়া তৈরি করা হয়।
দেশে বর্তমানে ১৯৮৪ সালে তৎকালীন সামরিক সরকারের আমলে তৈরি আয়কর অধ্যাদেশের মাধ্যমে প্রত্যক্ষ কর আদায় করা হয়।
আলোচনা: আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ আইনের মাধ্যমে জনগণের সঙ্গে একধরনের অংশীদারি সম্পর্ক তৈরি করতে হবে। রাজস্ব আদায়ের প্রক্রিয়া সহজ ও গ্রহণযোগ্য করা উচিত।
আনিসুল হক বলেন, ‘সাধারণ মানুষের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। গ্রামগঞ্জের মানুষ এখন কর দিতে চান। তাই আইনটি এমনভাবে করতে হবে, যেন গ্রামের মানুষও সহজে বুঝতে পারেন। নিজেরাই কর দিতে পারেন।’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধি হুমায়ূন কবির বলেন, বর্তমান আয়কর অধ্যাদেশটি ১৯৮৪ সালে সামরিক শাসনামলে করা হয়েছে। তাই আন্তর্জাতিক অঙ্গনে কেউ এটি শুনলে নেতিবাচক মনোভাব দেখায়।
খসড়ায় বিশেষজ্ঞদের দেওয়া সব মত নেওয়া হয়নি বলে মন্তব্য করেন এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান। তিনি আরও বলেন, বর্তমানে ১ লাখ ২২ হাজার নিবন্ধিত কোম্পানি রয়েছে। মাত্র ১৬ হাজার কোম্পানির নিরীক্ষা হয়। বাকিরা কোথায়? এ নিয়ে এনবিআর কাজ করতে পারে।
অভিন্ন হারে করপোরেট কর বসানোর বিপক্ষে মত দেন এনবিআরের আরেক সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম। তিনি উদাহরণ দিয়ে বলেন, সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ৪৫ শতাংশ হারে কর দেয়। এতে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়। কিন্তু অভিন্ন হারে করপোরেট কর আরোপ হলে রাজস্ব আদায়ে ধস নামতে পারে।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান আশ্বাস দেন, ব্যবসাবান্ধব পরিবেশ যাতে নিশ্চিত হয়, এমনভাবেই নতুন আয়কর আইনটি করা হবে।