অভিবাসন-ব্যয় কমাতে সার্কের সমন্বিত উদ্যোগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অভিবাসন-ব্যয় কমাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রয়োজন শ্রমশক্তি আমদানিকারক দেশগুলোর সঙ্গে যৌথভাবে আলোচনা করা। কেননা বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার একার পক্ষে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়। রাজধানীর একটি হোটেলে গতকাল শুরু হওয়া দুই দিনব্যাপী চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ‘আন্তর্জাতিক অভিবাসন ব্যবস্থাপনা ও প্রবাসী আয়ের প্রবাহ: সাম্প্রতিক বৈশ্বিক উন্নয়ন ও দক্ষিণ এশিয়ার ওপর প্রভাব’ শীর্ষক কর্ম অধিবেশনটিতে বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সম্মেলনের মূল আয়োজক। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) প্রেসিডেন্ট ফারুক সোবহান।তবে একই অধিবেশনে বক্তাদের কেউ কেউ দক্ষিণ এশীয় দেশগুলোর সমন্বিত উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দেশগুলো পরস্পরের প্রতিযোগী। এ অবস্থায় অভিবাসন নিয়ে দেশগুলোর একযোগে কাজ করার ব্যাপারে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই।অধিবেশনটিতে নির্ধারিত আলোচক ছিলেন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) বাংলাদেশের চেয়ারম্যান তাসনীম সিদ্দিকী, নেপাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (এনআইডিএস) প্রতিষ্ঠাতা চেয়ারপারসন গণেশ গুরুং, ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কার (আইপিএস) উপপরিচালক দুশিন বীরাকন, লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের সহকারী অধ্যাপক এস এম তুরাব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রায়হান। তাসনীম সিদ্দিকী তাঁর প্রবন্ধে বলেন, জাতীয় অর্থনৈতিক পরিকল্পনায় এ খাতটি গুরুত্ব পাচ্ছে না। এ খাতের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হলেও ষষ্ঠ পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় এটি স্থান পায়নি।তাসনীম সিদ্দিকী বলেন, বাংলাদেশ থেকে বিদেশে অভিবাসন-ব্যয় অত্যন্ত বেশি। তবে নারী শ্রমিকদের ব্যয় অনেক কম। নারী শ্রমিকদের সরকারিভাবে পাঠানোয় খরচ কম হয় বলে তিনি উল্লেখ করেন। তাসনীম আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর সরকার কাজের ভিসা প্রদান করে, যা বাজারে বিক্রি হয়। স্থানীয় রিক্রুটিং এজেন্সিগুলো এসব ভিসা সংগ্রহ করে পরবর্তী মধ্যস্থতাকারীদের কাছে বিক্রি করে। বিদেশি বসবাসরত বাংলাদেশিদেরও একটি অংশ এ ভিসা-বাণিজ্যে জড়িত। সৌদি আরবের এক মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ৭০ শতাংশ ভিসা কালোবাজারে বিক্রি হয়। তাই পুরুষ শ্রমিকদের জন্য ভিসা পাওয়া ব্যয়বহুল হয়ে যাচ্ছে।বাংলাদেশের একার পক্ষে এ বিষয়টি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তাসনীম সিদ্দিকী দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সমন্বিতভাবে এ সমস্যা সমাধানে এগিয়ে আসার সুপারিশ করেন। গণেশ গুরুং বলেন, ‘অনেকে বলেন, দক্ষিণ এশিয়া দারিদ্র্য ও সৃজনশীল ভাবনার আবাস। আমি বলব, এটি অভিবাসীদেরও আবাস।’ তাঁর মতে, মজুরির তারতম্যের কারণে বিশ্বব্যাপী মানুষ অভিবাসী হচ্ছে। কিন্তু মালয়েশিয়া বা উপসাগরীয় অঞ্চলে মূল্যস্ফীতির মিল রেখে মজুরি খুব একটা বাড়েনি। শ্রমশক্তি আমদানিকারক দেশগুলোর সামনে দর-কষাকষির সুযোগ থাকায় তারা মজুরি বাড়াতে খুব একটা আগ্রহী নয়।সেলিম রায়হান বলেন, অভিবাসীদের প্রবাসী-আয় সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখলেও ব্যষ্টিক পর্যায়ে লাভবান ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন—দুই-ই পাওয়া যাবে। তিনি বলেন, পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় আমদানি ও রপ্তানি প্রবৃদ্ধি বাড়বে বলে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের জন্য প্রবাসী-আয়ের ওপর নির্ভর করা হচ্ছে। আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে এ ভাবনা কতটুকু বাস্তবধর্মী, তা প্রশ্ন সাপেক্ষ।