অভিভাবকহীন বিমা খাত
স্বাধীনতার পর থেকেই অবহেলিত বিমা খাত আবারও সরকারের মনোযোগের বাইরে। এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এখন প্রায় অভিভাবকহীন।
সংস্থাটিতে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিচ্ছে না সরকার। এটি চেয়ারম্যানবিহীন রয়েছে এক মাস পাঁচ দিন। দুই থেকে তিন মাস ধরে বিমাসংশ্লিষ্ট কোনো সদস্যও নেই সংস্থাটিতে। অন্যদিকে, তিন বছর ধরেই জনপ্রশাসন মন্ত্রণালয় আটকে রেখেছে এই সংস্থার জনবলকাঠামো। ফলে, মাঠপর্যায়ে বা নিজ সংস্থা—কোথাও কাজের লোক বলতে কেউ নেই সংস্থাটির।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ব্যাপারে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। ওই মন্ত্রণালয় প্রস্তাবিত চেয়ারম্যানের ব্যাপারে আবারও প্রস্তাব দিতে বলল। আমরা তা তৈরি করছি।’ দেরি হচ্ছে কেন জানতে চাইলে সচিব জানান, ‘কিছু করার নেই। অনেক সময় দেরি হয়ই।’
২০১০ সালে বিমা আইন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন প্রণয়ন করে প্রশংসা কুড়িয়েছিল সরকার। ২০১১ থেকে কার্যক্রম শুরু হওয়া আইডিআরএর চেয়ারম্যান হিসেবে বিমার ওপর বিশ্বমানের ‘অ্যাকচুয়ারি’ ডিগ্রিধারী এম শেফাক আহমেদের নিয়োগকেও সরকারের শুভ নির্বাচন হিসেবেই দেখেছিলেন এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু, তিন বছরের মাথায় সব যেন তালগোল পাকাতে বসেছে।
জানা গেছে, বিশেষায়িত খাত হওয়ায় বিমা-সম্পর্কিত জালিয়াতির কিছুই এত দিন বিলুপ্ত প্রধান বিমা নিয়ন্ত্রকের কার্যালয় ধরতে পারত না। আইডিআরএ গঠিত হওয়ার আগে বিলুপ্ত এই কার্যালয় পরিচালিত হতো অর্থ বা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত বা যুগ্ম সচিবের অতিরিক্ত দায়িত্ব হিসেবে।
বিদ্যমান আইন অনুযায়ী একজন চেয়ারম্যান ও চারজন সদস্য থাকার কথা আইডিআরএতে। প্রথম কয়েক মাস এতে চারজন সদস্য ছিলেন। তাঁরা হলেন: আইবিএর শিক্ষক, জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম), সাধারণ বীমা করপোরেশনের সাবেক জিএম এবং একজন সাবেক জেলা জজ। এর মধ্যে আইবিএর শিক্ষক পদত্যাগ করায় তিন সদস্য নিয়েই চলে আসছিল আইডিআরএ।
অথচ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনের ৭ ধারায় বলা হয়েছে, ‘জীবন বিমা বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন কমপক্ষে একজন এবং সাধারণ বিমা বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন কমপক্ষে একজনকে সদস্য হিসেবে নিয়োগ দিতে হবে।’ কিন্তু, সদস্য নিয়োগে আগের বার এই ধারা অনুসরণ করা হয়নি, এবারও হচ্ছে না বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।
একটি বেসরকারি বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, ‘বিমার মতো বিশেষায়িত খাতের জ্ঞান না থাকা সাবেক এক অতিরিক্ত সচিবকে সদস্যপদে গত সপ্তাহে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে দরকার বিমা বিষয়ে জ্ঞান থাকা লোক। তাহলেই দুর্নীতি রোধ করা সম্ভব হবে।’
আইডিআরএর দুই সদস্যপদ এখনো শূন্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক জেলা জজ ফজলুল করিমের চুক্তির মেয়াদও শেষ হচ্ছে আগামী মাসে। সে হিসেবে শিগগিরই চেয়ারম্যান ও দুই সদস্য নিয়োগ দেওয়ার পাশাপাশি বাকি সদস্য নিয়োগের প্রক্রিয়াও শুরু করা উচিত বলে সংশ্লিষ্টরা অভিমত দেন।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান ও সদস্যপদে যথাসময়ে যোগ্য লোকের নিয়োগ চাই আমরা। যোগ্য লোক নিয়োগ পেলে বিমা খাতই উপকৃত হবে।’
জানা গেছে, অর্থমন্ত্রীর নির্দেশে আইডিআরএর চেয়ারম্যান পদে বিদায়ী চেয়ারম্যান এম শেফাক আহমেদের নামই প্রস্তাব করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কিন্তু, সুবিধাভোগী ও সরকারেরই ভেতরকার একটি মহল তাঁর বিরোধিতা করছে এবং বিমা বিষয়ে জ্ঞান না থাকা সাবেক আমলাদের নিয়োগ দেওয়ার ব্যাপারে অর্থমন্ত্রীর কাছে তদবির করছে।