প্রতিষ্ঠার পর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ পর্যন্ত চার কোটি ৮৮ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে চার হাজার ৬৫৩টি দোকান, কারখানা, ফার্মেসি ও হোটেলে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া যায় সেগুলো হলো: পণ্যে ভেজাল ও রাসায়নিক মেশানো, মোড়কজাত পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া, মোড়কে মূল্য ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা, ওজনে কারচুপি করা এবং নকল পণ্য উত্পাদন, বাজারজাত ও বিক্রি করা।২০১০ সালের ৬ এপ্রিল বাজার অভিযান পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোড়কে পণ্যের দাম, ওজন, পরিমাণ মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা, মোড়কে উল্লিখিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে অধিদপ্তর এ পর্যন্ত দুই হাজার ৩৭৪টি প্রতিষ্ঠানকে এক কোটি ৮১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করে।ভেজাল কিংবা ক্ষতিকর রাসায়নিক মেশানো পণ্য বিক্রি, মিথ্যা তথ্য দিয়ে ক্রেতাকে প্রতারিত করার অভিযোগে এক হাজার ৪৯৮টি প্রতিষ্ঠানকে দুই কোটি ৩১ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। ওজনে কারচুপি করার দায়ে ৪১৭টি প্রতিষ্ঠানকে ২২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।এ ছাড়া নকল পণ্য উত্পাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এ পর্যন্ত ৫৩৬টি প্রতিষ্ঠানকে ৫৩ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযোগ রয়েছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুধু খুচরা বিক্রেতা ও ছোট ব্যবসায়ীদেরই জরিমানা করে। কোনো বিক্রেতার মাছে ফরমালিন পেলে ওই বিক্রেতাকে জরিমানা করা হয়। কিন্তু যেসব আড়ত কিংবা বাজারে মাছে-ফলে ফরমালিন মেশানো হয় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় না। যেসব কারখানা মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ কিংবা মূল্য না লিখে তা বাজারজাত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং যারা এসব পণ্য বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অধিদপ্তর।জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, খুচরা বিক্রেতাদের জরিমানা করা মানে তাদের সতর্ক করা। তারা তো পণ্য বিক্রি করে অসত্ উত্পাদনকারীদের সহায়তা করছে। তিনি বলেন, ‘আমরা যে বাদামতলী বা যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করি না তা নয়। তবে তা খুব কম।’