
পাটের বস্তার ব্যবহার বাড়াতে দেশজুড়ে চলমান অভিযানের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে ১৪২টি মামলা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সংবাদ জানিয়েছে, মামলার পাশাপাশি গতকাল পাটের বস্তা ব্যবহারের সরকারি আদেশ অমান্যকারীদের কাছ থেকে ৫ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে গত সোমবার সারা দেশে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
২০১০ সালের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী, ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনিসহ ছয় পণ্যের মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক। সোমবার থেকে এ আইন বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানও শুরু করা হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল সারা দেশে ৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দ্বিতীয় দিনে গতকাল রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কাফরুলের কচুক্ষেত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ সময় ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম উপস্থিত ছিলেন।