পুঁজিবাজারে সাম্প্রতিক ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কারসাজির দায়ে অভিযুক্ত বিনিয়োগকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংঘবদ্ধ ও কৃত্রিম (আর্টিফিশিয়াল) লেনদেনের মাধ্যমে শেয়ারের মূল্যবৃদ্ধির অভিযোগে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এরই মধ্যে আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। শিগগিরই এ মামলা দায়ের করা হতে পারে।আজ রোববার এসইসির সদস্য হেলালউদ্দীন নিজামী সাংবাদিকদের জানান, পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে সুপারিশের ভিত্তিতে এসইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। অনেক বিষয়ে ধীরগতি লক্ষ করা গেলেও এসইসি দৃঢ়ভাবে কাজ করছে।হেলালউদ্দীন বলেন, পুঁজিবাজারে কারসাজির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের (পিটিশন সাবমিট) জন্য কাগজপত্র প্রস্তুত করা হয়েছে এবং আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ব্লক প্লেসমেন্ট ও ৫০টি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কারসাজির সঙ্গে জড়িতরা যাতে আবারও সক্রিয় হতে না পারে, সে লক্ষ্যে আইন ও বিধি-বিধান সংশোধনের পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।এসইসি সূত্রে জানা যায়, পিপলস লিজিংয়ের শেয়ার নিয়ে কারসাজির দায়ে বিনিয়োগকারী সৈয়দ সিরাজউদ্দৌলা, তাঁর স্ত্রী রাশেদা আক্তার মায়া ও মোহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য অভিযোগনামা প্রস্তুত করেছে সংস্থাটি। এরই মধ্যে এ-সংক্রান্ত কাগজপত্র আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে।এ দিকে ক্ষমতার অপব্যবহার করে গত বছরের ৬ ও ৭ ডিসেম্বর চেক ও নেটিং বিষয়ে দুটি নির্দেশনা জারির অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এসইসির সাবেক সদস্য মনসুর আলমের বিরুদ্ধে টার্মস অব রেফারেন্স (কর্মপ্রক্রিয়া) প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এ বিষয়ে এসইসি সদস্য হেলালউদ্দীন নিজামী বলেন, কমিশনের সাবেক সদস্য মনসুর আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য কর্মপ্রক্রিয়া প্রস্তুত করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। এ ছাড়া কমিশনের নির্বাহী দুই পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া এবং এ টি এম তারিকুজ্জামানের বিরুদ্ধে পুঁজিবাজার তদন্ত কমিটির উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন এসইসি সদস্য হেলালউদ্দীন নিজামী ও সদস্য মো. আমজাদ হোসেন।