অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি যাওয়ার পেছনে যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল বুধবার রাশিয়ার কোম্পানি রোসাটমের উপমহাপরিচালক এন এন স্পাস্কির নেতৃত্বাধীন একটি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
রিজার্ভ চুরি বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করবে।
অভিযুক্ত কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হলে চুক্তি বাতিল এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কর্মকর্তা হলে বরখাস্ত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তাতে বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা দেখা দিতে পারে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অস্থিরতার কোনো সুযোগ নেই। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ২০০ জনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হলে সবাইকে চলে যেতে হবে।’
চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের চুক্তির মেয়াদ নবায়ন করা হবে না জানিয়ে মুহিত আরও বলেন, ‘তারা সবাই বহিরাগত। ব্যাংকের কাজ সুষ্ঠুভাবে পালনের জন্য নিয়মিত কর্মকর্তারাই যথেষ্ট।’
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের সংস্কার চলছে। বেশি জোর দেওয়া হচ্ছে নিরাপত্তার বিষয়ে। এসব সংস্কার শেষ হলে নিরাপত্তা নিয়ে আর তেমন কোনো শঙ্কা থাকবে না।
তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরির কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিচ্ছে। দেরির কারণ এটাই। তবে ঈদের পর এটা প্রকাশ করা হবে।