অভিযোগে আগ্রহী হচ্ছেন ভোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য বিক্রেতারা কাউকে ওজনে কম দেন, কাউকে আবার গছিয়ে দেন মেয়াদোত্তীর্ণ পণ্য। ফলে ক্রেতা-ভোক্তারা প্রতিনিয়তই প্রতারণার শিকার হন। তার পরও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে তেমন অভিযোগ দাখিল করতেন না ভোক্তারা।
তবে গত ৩ আগস্ট অধিদপ্তর ভোক্তা অভিযোগ কেন্দ্র স্থাপন করার পরই এ চিত্র পাল্টে গেছে। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০১৩ সাল পর্যন্ত—চার বছরে অধিদপ্তরে যেখানে ভোক্তাদের ১৭৯টি অভিযোগ আসে, সেখানে জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র (এনসিসিসি) করার পর গত দেড় মাসেই অভিযোগ এসেছে ১০০টি। আর চলতি বছর এখন পর্যন্ত মোট অভিযোগ এসেছে ৩৮৯টি।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ কেন্দ্রটি করার পর থেকেই ভোক্তাদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। এখন ভোক্তাদের অভিযোগের সংখ্যাও বেড়েছে। আমরা চাই আরও বাড়ুক।’
২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। পরের বছরের একই তারিখে বাজারে অভিযান পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইনটি বাস্তবায়নের কাজ শুরু করে ভোক্তা অধিদপ্তর।
কার্যক্রম শুরুর পর থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে অভিযোগ এসেছে মোট ৫৬৮টি। এর মধ্যে ৪৭২টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। তদন্ত চলছে ৯৬টির।
অধিদপ্তরের প্রধান কার্যালয়ে গত মাসে অভিযোগ কেন্দ্র স্থাপনের পর থেকেই ভোক্তাদের আগ্রহও বাড়ে। এই কেন্দ্রের ই-মেইলে ঠিকানাতেও ([email protected]) প্রতিদিন প্রচুর ই-মেইল আসছে।
অভিযোগ কেন্দ্র সূত্র জানায়, গত ৬ আগস্ট শেভিং জেলের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা নিয়ে প্রথম অভিযোগটি জমা পড়ে। এর পর থেকে ১০০টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪৩টি অভিযোগের। সর্বনিম্ন এক দিন থেকে ১৪ দিনের মধ্যে এসব অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
ঢাকার প্রদীপ কুমার গোপ গত ১৪ আগস্ট পানির বোতলের গায়ে উল্লেখিত দামের চেয়ে বেশি দামে তা বিক্রি করার অভিযোগ দায়ের করেন। ২৮ আগস্ট তা নিষ্পত্তি হয়। আবার ঢাকার রায়হানুল হকের দায়ের করা রুটির প্যাকেটে খুচরা মূল্য নেই কিংবা ঢাকার রিজওয়ানুল হকের কেকের মোড়কের গায়ে খুচরা মূল্য, মেয়াদোত্তীর্ণের তারিখ নেইসংক্রান্ত অভিযোগ দুটি পরের দিনই নিষ্পত্তি করেছে অধিদপ্তর।
তবে অভিযোগ কেন্দ্রের ই-মেইলে বিচিত্র কিছু অভিযোগও এসেছে বলে সূত্র জানিয়েছে। একজন লিখেছেন, তিনি সদ্য প্রকাশিত এইচএসসির ফল অনুযায়ী ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। কিন্তু তিনি ওই পরীক্ষা ভালো দিয়েছেন। আরেকজন লিখেছেন, দক্ষিণখান এলাকার রাস্তা ভালো না, রোগী নিয়ে যেতে কষ্ট হয়। এ থেকে পরিত্রাণের উপায় কী? আরেকজন লিখেছেন, তাঁর জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে। কীভাবে পাবেন?
অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা বলেন, ‘প্রতিদিনই আমাদের কাছে ই-মেইল আসছে। যদিও সব ই-মেইলে অভিযোগ থাকে না। সব অভিযোগের নিষ্পত্তি করাও আমাদের এখতিয়ারে নেই।’
অধিদপ্তর বলছে, ভোক্তাদের প্রতারিত হওয়ার ৩০ দিনের মধ্যে প্রমাণসহ ই-মেইল, ফ্যাক্স কিংবা অন্য কোনো উপায়ে লিখিত অভিযোগ দাখিল করতে হবে। এতে ভোক্তার কোনো ফি দিতে হবে না। তবে কেনাকাটার প্রমাণ হিসেবে অভিযোগকারীর কাছে দোকানের রসিদ থাকতে হবে।
অভিযোগ প্রমাণিত হলে পুরস্কার: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, কোনো ভোক্তার দায়ের করা অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত বিক্রেতাকে যে পরিমাণ অর্থ জরিমানা করা হবে, তার ২৫ শতাংশ অভিযোগকারীকে প্রণোদনা হিসেবে দেয় অধিদপ্তর।
অধিদপ্তর সূত্র বলছে, অভিযোগ কেন্দ্র স্থাপনের পর থেকে এ পর্যন্ত যেসব অভিযোগ নিষ্পত্তি হয়েছে, তাতে প্রতারণাকারী বিক্রেতাদের তিন লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এখান থেকে অভিযোগকারীদের প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে ৭ ৮ হাজার ২৫০ টাকা।
অবশ্য প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অভিযোগকারীদের ৮১টি অভিযোগের সত্যতা পায় অধিদপ্তর। ওই অভিযোগকারীরা প্রণোদনা হিসেবে পেয়েছেন সব মিলিয়ে দুই লাখ ৯৪ হাজার টাকা।