অভিযোগ থাকলে সরাসরি এনবিআরে জানান: এনবিআর চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, ‘কোনো অভিযোগ থাকলে সরাসরি এনবিআরকে জানান। দেখেন, আমরা প্রতিকার করি কি না? অভিযোগ সুনির্দিষ্ট জায়গায় করতে হবে।’

সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক সভায় জেলাপর্যায়ের ব্যবসায়ীরা এনবিআরের বিরুদ্ধে হয়রানির নানা অভিযোগ আনেন। এ বিষয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে তিনি এই উত্তর দেন। তিনি ব্যবসায়ীদের এফবিসিসিআইয়ে অভিযোগ না করে এনবিআরে আসার পরামর্শ দেন।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘অভিযোগ উঠেছে, পণ্য আটকে রাখা হয়। হয়তো পারমাণবিক শক্তি কমিশনের সনদ, এনার্জি রেগুলেটরি কমিশন কিংবা বিএসটিআইয়ের সনদের জন্য পণ্য আটকে আছে। তবে আবার এমনও নয় যে আমাদের কারও দ্বারা অনাচার হচ্ছে না। আমাদের অনেক কর্মকর্তা আছেন, এর মধ্যে দু-চারজন কর্মকর্তা এমন থাকতে পারেন।’

আগামীকাল বুধবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআরের সম্মেলনকক্ষে আজ এই সংবাদ সম্মেলন হয়। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৪১ হাজার ১৯৪ কোটি টাকার শুল্ক আদায় হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৪৪ শতাংশ বেশি। গত অর্থবছরের পুরো সময়ে শুল্ক খাতে ৭৭ হাজার ১৫০ কোটি টাকা আদায় হয়েছিল। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এবার শুল্ক বিভাগের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আগামীকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবার ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ১৮৩টি দেশের কাস্টমস বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে বাংলাদেশ কাস্টমস দিবস পালন করছে।