অভিযোগে মন নেই ভোক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোড়কজাত পণ্য
মোড়কজাত পণ্য

মোড়কজাত পণ্যের ক্ষেত্রে ওজনে কারচুপি হচ্ছে, মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ থাকছে না এবং নানা অজুহাতে মোড়কের গায়ে লেখা দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে—এ সবকিছুই ধরা পড়ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকিতে। কিন্তু যেসব ভোক্তা প্রতারণার শিকার হচ্ছেন, তাঁরা এ নিয়ে অভিযোগ করছেন কম।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পণ্য কিনতে গিয়ে নিয়মিত প্রতারিত হচ্ছেন ক্রেতারা। তাঁদের অভিযোগ খতিয়ে দেখার জন্য অধিদপ্তরে একটি সেলও আছে; অভিযোগ তদন্ত করার মতো পর্যাপ্ত কর্মক্ষমতাও রয়েছে। তার পরও অধিদপ্তরের কাছে অভিযোগ করতে তেমন আগ্রহ নেই ক্রেতাদের।
২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। পরের বছরের একই তারিখে বাজার অভিযান পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইন বাস্তবায়নের কাজ শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, অধিদপ্তরের কার্যক্রম শুরুর পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে অভিযোগ এসেছে মাত্র ১৫৪টি। এর সবগুলোরই নিষ্পত্তি হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনই ক্রেতারা প্রতারিত হচ্ছেন। কিন্তু প্রতারিত হয়েও তাঁরা অভিযোগ করছেন না। আমার ধারণা, তাঁরা বিড়ম্বনা কিংবা হয়রানির ভয়ে অভিযোগ করতে চান না। কিন্তু তাঁরা জানেন না যে এখানে অভিযোগ করলে কোনো হয়রানির শিকার হতে হয় না। বরং অনেক ক্ষেত্রেই ভোক্তাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।’
আবুল হোসেন মিঞা আরও বলেন, ভোক্তাদের অধিকার ভোক্তাদেরই আদায় করতে হবে। অধিদপ্তর তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, ভোক্তা অধিকারবিরোধী কোনো কাজ সংঘটিত হওয়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ভোক্তাকে অধিদপ্তরের মহাপরিচালক (১ কারওয়ান বাজার) অথবা প্রতিটি জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর অভিযোগ করতে হবে। এ অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে। এ ক্ষেত্রে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস), ফ্যাক্স, ই-মেইল বা অন্য কোনো উপায়ে অভিযোগকারীর পূর্ণাঙ্গ নাম, বাবা ও মায়ের নাম, ঠিকানা, ফোন, ই-মেইল, ফ্যাক্স (যদি থাকে) এবং পেশা উল্লেখ করে আবেদন করতে পারেন প্রতারিত ক্রেতারা। এ জন্য কোনো ধরনের ফি দেওয়ার প্রয়োজন হয় না। তবে কেনাকাটার প্রমাণ হিসেবে অভিযোগকারীর কাছে দোকানের রসিদ থাকতে হবে। ভেজাল, মেয়াদোত্তীর্ণ বা নকল পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে পণ্যের নমুনাও দিতে হবে।
কোনো ভোক্তার দায়ের করা অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে অভিযুক্ত বিক্রেতাকে যে পরিমাণ অর্থ জরিমাণা করা হয়, তার ২৫ শতাংশ অভিযোগকারীকে প্রণোদনা হিসেবে দেয় অধিদপ্তর। তবে সংস্থাটি মনে করে, বেশির ভাগ মানুষই বিষয়টি জানে না।
অভিযোগ প্রমাণ হলে পুরস্কার
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ির কামরুল হাসান মাঝিরহার রোডের মেসার্স পানাহার অভিজাত বেকারি ও মিষ্টি বিপণি থেকে কিছু পণ্য কেনেন। এসব খাদ্য অবৈধ প্রক্রিয়ায় তৈরি হয়েছে—এমন অভিযোগ করে ৭ ফেব্রুয়ারি অধিদপ্তরে আবেদন করেন তিনি। আর ১৩ ফেব্রুয়ারি অধিদপ্তরের সরেজমিন তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী জরিমাণার ২৫ শতাংশ বা ১২ হাজার ৫০০ টাকা পান অভিযোগকারী কামরুল হাসান।
অধিদপ্তর সূত্র বলছে, এ পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে পাওয়া ১৫৪টি অভিযোগের সবগুলোরই নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৩৬ জন অভিযোগকারী অভিযুক্তের কাছ থেকে আদায় করা জরিমানার ২৫ শতাংশ করে পেয়েছেন।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ক্রেতা-ভোক্তার কাছ থেকে সঠিক পদ্ধতিতে খুব একটা অভিযোগ আসছে না। বরং বিক্ষিপ্তভাবে কিছু তথ্য আসছে। অনেক অভিযোগ আসে যেখানে অভিযোগকারী নিজে প্রতারিত হননি, কিন্তু অভিযোগ করছেন।
আবুল হোসেন মিঞা বলেন, কোনো ভোক্তা প্রতারিত হয়ে অভিযোগ করলেই প্রতিকার পাবেন। অভিযোগ প্রমাণিত হলে অধিদপ্তরই মামলা করবে। মামলার খরচ, পণ্যের মান পরীক্ষা-নিরীক্ষার ব্যয় কোনো কিছুই তাঁকে বহন করতে হবে না। সবকিছুই করবে সরকার।