অভিযোগের বোঝা মাথায় নিয়ে দাভোস ছাড়লেন ব্যাংকাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউই তাঁদের ছাড় দেননি। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এমনকি কোটিপতি বিনিয়োগকারীরা। সবাই প্রায় সমস্বরে দোষারোপ করেছেন ব্যাংকারদের। বলা যায়, বকাবাজিও করেছেন।এ রকম তোপের মুখে পড়ে বড় বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা স্বীকার করেছেন যে নিয়মকানুন কিছুটা কঠোর হওয়ার প্রয়োজন আছে। তাঁদের উচ্চহারে বেতন-ভাতা, বিশেষত বোনাস নেওয়া তীব্র সমালোচনার মুখে পড়েছে।গতকাল সুইজারল্যান্ডের দাভোসে শেষ হয়েছে ৪০তম বিশ্ব অর্থনৈতিক ফোরাম। আর ব্যাংকাররা এই ফোরাম ছেড়েছেন—এ ধরনের দোষের বোঝা মাথায় নিয়েই।মূলত ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে আর্থিক সংকট দেখা দেওয়ার পর থেকেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কর্মকাণ্ডে নানা ধরনের অসংগতি প্রকাশ পেতে থাকে। এ সময় আরও প্রকাশ পায় যে লাভের আশায় যাচাই-বাছাই না করে ঋণ বিতরণ ও বিভিন্ন আর্থিক পণ্য বেপরোয়াভাবে বাজারজাত করতে গিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জুয়াবাজি খেলেছে। আর এসব কর্মকাণ্ডই আর্থিক সংকট তৈরি করেছে, যার জের ধরে বিশ্ব অর্থনীতিতে মন্দা নেমে আসে।ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে আর্থিক খাতের নিয়মকানুন কঠোর করার বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলো একমত হয়। কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো তা মানতে নারাজ। দাভোসে এই মতভেদটা প্রকট হয়ে ওঠে।বস্তুত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যাংকগুলোর আয়তন ও কর্মকাণ্ড সীমিত করার যে প্রস্তাব করেন, সেটাই দাভোসে ব্যাংকিং কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণবিধি কঠোর করার জোর আলোচনার পরিপ্রেক্ষিত তৈরি করে দেয়। সে জন্যই সামনে আসে বিশ্বজনীন কঠোর ব্যাংকিং নিয়ন্ত্রণবিধি।ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জঁ-ক্লদ ত্রিশেত বলেন, ‘বৈশ্বিক বিষয়ের জন্য আমাদের বৈশ্বিক নিয়ম রাখতে হবে। এটা অপরিহার্য। তা না হলে বড় বিপর্যয় দেখা দেবে।’আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক দমিনিকি স্ট্রাস-কান বলেন, ‘আমার ভয় হচ্ছে বৈশ্বিক সংকটের শিক্ষা যে সমন্বিত ব্যবস্থাপনা, তা আমরা ভুলে যাচ্ছি।’জার্মানির অর্থমন্ত্রী রেইনার ব্রুডেরলে বলেন, ‘বিশ্বজুড়ে আর্থিক কেন্দ্রগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে আমরা ইউরোপে বিচ্ছিন্নভাবে ব্যাংক সংস্কার করতে পারি না।’২০০৯ সালের এপ্রিলে লন্ডনে জি-২০ জোটের বৈঠকে নেতারা ব্যাসেল কমিটি ও ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডকে ব্যাংকসংক্রান্ত নতুন আইনের খসড়া প্রণয়নের দায়িত্ব দেন। এরপর সেপ্টেম্বর মাসে পিটসবার্গ সম্মেলনে ব্রিটেন ও ফ্রান্স বৈশ্বিক নিয়ন্ত্রণবিধি আরোপের আহ্বান জানায়।কিন্তু এর কিছুদিন পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা ব্যাংকের কার্যক্রম ও আয়তন সীমিত করার প্রস্তাব দেন। ওবামা ব্যাংকগুলোকে সনাতনী ঋণ দেওয়ার ব্যবসায় থাকা অথবা শেয়ারবাজারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার মধ্য থেকে একটি বেছে নেওয়ার জন্য বলেন।এতে ইউরোপের কোনো কোনো দেশের কাছ থেকে আপত্তি ওঠে। বলা হয়, এ ধরনের প্রচেষ্টা জি-২০ বৈঠকে গৃহীত সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনার বিরোধী।অবশ্য কেউই ব্যাংক পরিচালনা ও তদারকির নিয়মকানুন আরও কঠোর করার বিষয়ে আপত্তি করেনি। দাভোসে এরই প্রতিফলন ঘটেছে। সূত্র: এএফপি