উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে শুধু জলবায়ুবিষয়ক গবেষণা ও পরিকল্পনার জন্য অর্থ পাওয়া যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজন ও প্রশমনের জন্য বড় ধরনের সহায়তা পাওয়া যাচ্ছে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার এসব কথা বলেছেন। গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটির (জিইএফ) দক্ষিণ এশিয়া অঞ্চলের মতবিনিময় সভা উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জিইএফের চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আরও বলেন, ‘নদীদূষণ রোধে সরকার চামড়া শিল্পকে অন্যত্র সরিয়ে নিতে ৩৫০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু বর্জ্য পরিশোধন ও ব্যবস্থাপনায় উন্নয়ন-সহযোগীরা এখনো এগিয়ে আসেনি।’ এক হাজার ৮০০ শিল্পপ্রতিষ্ঠান পরিবেশ দূষণ ঘটাচ্ছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, দূষণ রোধে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। সভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক তহবিলের অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করলে বাংলাদেশ লাভবান হবে।’ জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনা বেশি হওয়ায় দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা সবার নজরে আসছে না বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পুলক চ্যাটার্জি বলেন, জিইএফের মাধ্যমে ছোট ছোট প্রকল্পকে সহায়তা দেওয়া হবে।মতবিনিময় সভায় বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা যোগদান করেন।