অভ্যন্তরীণ নদীপথে শুরু কনটেইনার পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অভ্যন্তরীণ নদীপথে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো কনটেইনার পরিবহন শুরু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম থেকে ঢাকার পানগাঁওয়ের উদ্দেশে খালি কনটেইনার নিয়ে একটি ও কনটেইনার ছাড়া আরেকটি জাহাজের যাত্রার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হলো।
বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এত দিন দেশের অভ্যন্তরে শুধু সড়ক ও রেলপথে কনটেইনার পরিবহন হতো। নতুন এ সেবা কার্যক্রম পুরোদমে চালু হলে পণ্য পরিবহনে আরও একটি বিকল্প মাধ্যম হাতে পাবেন ব্যবসায়ীরা।
বন্দর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার স্থানীয় সময় ভোর চারটা ৫০ মিনিটে প্রথম জাহাজ ‘পানগাঁও এক্সপ্রেস’ ১২০টি খালি কনটেইনার নিয়ে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের এক নম্বর জেটি ছেড়ে যায়। আর পাঁচটার দিকে ‘পানগাঁও সাকসেস’ নামে আরেকটি জাহাজ কনটেইনার ছাড়াই যাত্রা করে। জাহাজ দুটির সঙ্গে রয়েছে ‘কান্ডারি-৯’ ও জরিপ-৯ নামের দুটি উদ্ধারকারী জাহাজ।
আগামী ৭ নভেম্বর ঢাকার অদূরে বুড়িগঙ্গা নদীতীরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ-টার্মিনাল উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ জন্য আগেভাগেই জাহাজগুলো সেখানে পাঠানো হয়েছে।
জানা গেছে, পানগাঁও টার্মিনালে বছরে মোট এক লাখ ১৬ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো যাবে। প্রায় ৩২ একর জায়গার ওপর স্থাপিত এ টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরের মধ্যে কনটেইনার আনা-নেওয়ার জন্য তিনটি জাহাজ সংগ্রহ করেছে বন্দর কর্তৃপক্ষ। ‘পানগাঁও ভিশন’ নামের অপর জাহাজটি আগামী মাসের প্রথম সপ্তাহে দুবাই থেকে চট্টগ্রাম বন্দরে আনা হবে।
এদিকে বন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে।