অভ্যন্তরীণ সংযোগের দায় নেবে না সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক লেনদেনের আন্তর্জাতিক বার্তা আদান-প্রদানের নেটওয়ার্ক সুইফটের সঙ্গে অভ্যন্তরীণ নেটওয়ার্ক যুক্ত করার ক্ষেত্রে ব্যবহারকারী ব্যাংকগুলোকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ অভ্যন্তরীণ নেটওয়ার্কের সংযোগ, ব্যবস্থাপনা ও তদারকির কোনো দায়দায়িত্ব সুইফট কর্তৃপক্ষ নেবে না বলেও জানিয়েছেন বেলজিয়ামভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গটফ্রায়েড লাইব্র্যান্ডট। বাংলাদেশে সুইফট ব্যবহারকারী বিভিন্ন ব্যাংকের কাছে পাঠানো এক ই-মেইলে তিনি এসব কথা বলেন।
ই-মেইলে সুইফটের সিইও গটফ্রায়েড বলেছেন, সুইফট কর্তৃপক্ষ তাদের নিজেদের নেটওয়ার্কের নিরাপত্তার বিষয়ে খুবই গুরুত্ব দেয়। ব্যবহারকারীর ঝুঁকি বিবেচনায় এটির সেবা ও পদ্ধতির ক্ষেত্রে সুইফট কর্তৃপক্ষ সব সময় সক্রিয় ও সতর্ক।
সুইফটের দিক থেকে গতকাল এ বিবৃতির পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় একটি প্রশ্ন জোরালোভাবে সামনে চলে এসেছে। তাহলে কি সুইফটের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নেটওয়ার্কের যে সংযোগ, সেখানেই নিরাপত্তার ঘাটতি ছিল? বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তা থেকে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকে সুইফটের নেটওয়ার্কের সঙ্গে স্থানীয় বা অভ্যন্তরীণ নেটওয়ার্কের সংযোগ ছিল। সেই নেটওয়ার্কের দুর্বলতার সুযোগ নিয়ে তৃতীয় পক্ষটি তার মাধ্যমে সুইফটে ঢুকে পড়ে। পরে সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ স্থানান্তরের ৩৫টি পরামর্শ বা অ্যাডভাইস পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে। সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে পাঁচটি পরামর্শ কার্যকর হয়ে গেলে তাতে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চলে যায় ফিলিপাইন ও শ্রীলঙ্কায়। কিন্তু শুরুতেই সন্দেহজনক হিসেবে শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার আটকে দেয় সে দেশের ব্যাংক। এ কারণে পরে সেই দুই কোটি ডলার ফেরত পায় বাংলাদেশ ব্যাংক। কিন্তু ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের সিংহভাগেরই এখনো কোনো হদিস মিলছে না।
এদিকে সুইফটের সিইওর ই-মেইল বার্তায় আবারও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সুইফট নেটওয়ার্ক অপব্যবহারের কোনো নজির পাওয়া যায়নি। এমনকি এ ঘটনায় সুইফটের বার্তা বিনিময় সেবায় কোনো ধরনের প্রভাব পড়েনি। এটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশের সুইফট ব্যবহারকারীদের সতর্ক করে প্রতিষ্ঠানটির সিইও বলেছেন, যদি সুইফটের নেটওয়ার্কের সঙ্গে অভ্যন্তরীণ বা স্থানীয় কোনো নেটওয়ার্ক যুক্ত করা হয়, সে ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ম্যালওয়্যার প্রবেশের ঝুঁকি বিবেচনায় নিয়ে সেই ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
২০ মার্চ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিস এ খানের কাছে সুইফটের সিইওর এ ই-মেইল বার্তা পাঠানো হয়। পরে বাংলাদেশের সুইফট ব্যবহারকারী গ্রুপের সাধারণ সম্পাদক এ এম এম ফরহাদ সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সেটির অনুলিপি পাঠিয়েছেন।