অমনিবাস জটিলতা দূর করতে বিএমবিএর একগুচ্ছ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব থেকে পৃথক বেনিফিসিয়ারি ওনার্স বা বিও হিসাবে রূপান্তরের ক্ষেত্রে সৃষ্ট সমস্যা দূর করতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। ১৮ জুলাই বিএমবিএর পক্ষ থেকে প্রস্তাবগুলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হয়েছে। বিএমবিএ সূত্রে এ তথ্য জানা যায়।বিএমবিএর সভাপতি মোহাম্মাদ এ হাফিজ স্বাক্ষরিত প্রস্তাবে ননডিসক্রিশনারি (স্বেচ্ছাধীন নয় এমন) হিসাবের ক্ষেত্রে বলা হয়, সব পোর্টফোলিও ম্যানেজারকে কাস্টডি ডেপোজিটরি পারটিসিপেন্ট (ডিপি) নিবন্ধন গ্রহণ করতে হবে; সব ননডিসক্রিশনারি হিসাবের ক্ষেত্রে ওই ডিপির অধীনে ব্যক্তিগত বিও হিসাব খুলতে হবে। এসব বিও হিসাবের নামের আগে সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকের নাম ব্যবহার করতে হবে, আইসিবি ইতিমধ্যে বিষয়টি ব্যবহার করে আসছে। এতে সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকের পরিচয় শনাক্ত করতে সার্ভিলেন্স বিভাগকে সাহায্য করবে; পোর্টফোলিও ম্যানেজার প্রতিটি হিসাবের শেয়ারধারণের তথ্যসংবলিত একটি তালিকা প্রস্তুত করবে। ওই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিগত বিও হিসাবে শেয়ার হস্তান্তর করা হবে। এ ক্ষেত্রে এসইসির অনুমতি প্রয়োজন হবে; মার্চেন্ট ব্যাংকগুলো ফোর্টফোলিও ব্যবস্থাপনায় নতুন বিও হিসাব খুলতে প্রয়োজনীয় আবশ্যকীয় গ্রাহক তথ্য বা কাগজপত্র মার্চেন্ট অনেক ব্যাংকের কাছে না থাকতে পারে। সে ক্ষেত্রে প্রাথমিকভাবে নকল (ডামি) তথ্য ব্যবহার করে বিও হিসাব খুলতে চায় মার্চেন্ট ব্যাংকগুলো। পরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের কাছ থেকে সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করে তা বিও হিসাবে হালনাগাদ করা হবে। এ ছাড়া নতুন করে বিও হিসাব খোলার ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করতে চায় মার্চেন্ট ব্যাংকগুলো। এ ক্ষেত্রে এসইসির অনুমতি লাগবে; গ্রাহকদের পৃথক বিও হিসাবে শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে প্রথমবার সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশকে (সিডিবিএল) কোনো ফি না নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএমবিএ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কাটঅফ তারিখের আগে থাকা ম্যাচিউরড শেয়ার, ওই তারিখের আগে কেনা শেয়ার ও ওই তারিখের আগে ঘোষিত বোনাস ও রাইট শেয়ার অন্তর্ভুক্ত হবে। যেসব হিসাবের বিপরীতে মার্জিন ঋণসুবিধা দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজারকে গ্রাকদের সঙ্গে শেয়ার বন্ধক রাখা-সম্পর্কিত চুক্তি সম্পাদন করতে হবে।মার্চেন্ট ব্যাংকগুলো যেসব গ্রাহককে মার্জিন ঋণ দিয়েছে, তাঁদের জন্য করপোরেট অধিকার নিশ্চিত করতে এসইসিকে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২সিসি ক্ষমতাবলে একটি নির্দেশনা জারি করার প্রস্তাব দিয়েছে বিএমবিএ। ওই নির্দেশনার মাধ্যমে ইস্যুয়ার কোম্পানিকে মার্চেন্ট ব্যাংকের অনুকূলে সিঙ্গেল চেক প্রদান করবে। তবে ইস্যুয়ার কোম্পানি কোনোভাবেই সরাসরি গ্রাহকদের করপোরেট অধিকার-সংক্রান্ত চেক ইস্যু বা প্রদান করতে পারবে না।এতে বলা হয়, কোনো গ্রাহক কোনো কোম্পানি ঘোষিত রাইট শেয়ারের দাবিদার হতে পারবেন না। এমনকি ইস্যুয়ার কোম্পানি গ্রাহকদের দাবি গ্রহণও করতে পারবে না। কেবল সিঙ্গেল চেকের মাধ্যমে মার্চেন্ট ব্যাংক রাইট শেয়ার গ্রহণ করতে পারবে। ২সিসি ক্ষমতাবলে এসইসিকে এমন আরেকটি নির্দেশনা জারি করতে পারে।এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলো নিজেদের গ্রাহকদের তালিকাসহ প্রাথমিক গণপ্রস্তাবের জন্য আবেদন করতে পারবে—২সিসি ক্ষমতাবলে এমন নির্দেশনা জারি করতে পারে এসইসি। ডিপির অধীনে কনসোলিডেটেড চেকের মাধ্যমে এসব রিফান্ড ওয়ারেন্ট মার্চেন্ট ব্যাংকের নামে ইস্যু করারও প্রস্তাব দিয়েছে বিএমবিএ।প্রস্তাবে ডিসক্রিশনারি (স্বেচ্ছাধীন) হিসাবের বিষয়ে বলা হয়, ডিসক্রিশনারি হিসাবগুলো অমনিবাস বিও হিসাবের অধীনেই পরিচালনা করা যেতে পারে। মার্চেন্ট ব্যাংকের ব্যাক অফিস সফটওয়ারের মাধ্যমে একটি লেনদেন হিসাবের মাধ্যমে শেয়ার কিনে তা গ্রাহকদের হিসাবে গড়পড়তা মূল্যে জমা করা যেতে পারে।এ ছাড়া লেনদেনে স্বচ্ছতা ও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত শর্ট সেলিং রোধে সিডিবিএল এবং ব্রোকারের ব্যাক অফিসের মধ্যে ‘রিয়েল-টাইম ভেলিডেশন রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম’ অবশ্যই স্থাপন করতে হবে। এতে যেকোনো ধরনের শর্ট সেলিং বন্ধ হবে। একই সঙ্গে স্টক এক্সচেঞ্জে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকেরা সমান অধিকার পাবেন।এ বিষয়ে বিএমবিএর সহসভাপতি তানজিল চৌধুরী বলেন, অমনিবাস সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সিডিবিএল ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয় খুঁজে বের করেছে। এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হয়েছে। এসব বিষয় প্রস্তাব আকারে এসইসিতে জমা দেওয়া হয়েছে। এসইসি প্রস্তাবগুলো মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এসইসি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুন এসইসি এক প্রজ্ঞাপনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর বিধি ৩০-এর (ক) উপবিধি (৪)-এর পরিবর্তে উপবিধি (৪) প্রতিস্থাপন করা হয়।এতে বলা হয়, ‘পোর্টফোলিও ম্যানেজার সাধারণভাবে প্রত্যেক মক্কেলের জন্য পৃথকভাবে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করবে এবং যে ক্ষেত্রে সমষ্টিগতভাবে সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করা হয়, তার মূল্য আনুপাতিকভাবে বণ্টন করবে। তবে শর্ত রয়েছে যে অজড় পদ্ধতিতে সংরক্ষিত সিকিউরিটিজের ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজার প্রত্যেক মক্কেলের জন্য পৃথকভাবে সুবিধাভোগী মালিক হিসাব (বিও হিসাব) সংরক্ষণ করবে এবং ওই হিসাবের পক্ষে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করবে এবং যে ক্ষেত্রে সমষ্টিগত হিসাবে (অমনিবাসের ন্যায় বিও হিসাব) সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করা হবে, সে ক্ষেত্রে গড়পড়তা মূল্যে আনুপাতিকভাবে নিজ নিজ সুবিধাভোগী মালিক হিসাবে (বিও হিসাব) সিকিউরিটিজ স্থানান্তর করবে।’