দেশের শেয়ারবাজারে ইন্টারনেটভিত্তিক লেনদেন চালুর ক্ষেত্রে অমনিবাস হিসাবে লেনদেনবিষয়ক জটিলতার অবসান চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ইন্টারনেটভিত্তিক লেনদেন চালুর জন্য এমএসএ প্লাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে গতকাল যে বৈঠক করেছে তাতে এ আহ্বান জানানো হয়েছে। এসইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থাটির সদস্য আরিফ খান। এতে ডিএসইর সভাপতি শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজসহ অন্যরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালু করতে হলে প্রত্যেক গ্রাহকের জন্য পৃথক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের প্রয়োজন রয়েছে। ২০০৮ সালে এসইসির জারি করা একটি প্রজ্ঞাপনেও বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু ওই নিয়ম মেনে এমএসএ প্লাস সফটওয়্যার চালু করতে হলে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের অধীনে গ্রাহকদের পৃথক বিও হিসাব প্রয়োজন হবে। বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলোর একটি অমনিবাস হিসাবের অধীনে গ্রাহকদের পৃথক কোড ব্যবহার করা হলেও প্রথক কোনো বিও হিসাব নেই। ডিএসইর সহসভাপতি আরও বলেন, ‘আমরা চাই নিয়ম মেনেই এমএসএ প্লাস সফটওয়্যার বা ইন্টারনেটভিত্তিক লেনদেনব্যবস্থা চালু হোক। এ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা সমস্যাটি এসইসি ও বিএমবিএর প্রতিনিধিদের সামনে তুলে ধরেছি। এ ব্যাপারে এসইসি পরে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। আর বিএমবিএর পক্ষ থেকে বলা হয়েছে, অমনিবাসের অধীনে বিও হিসাব চালু করতে কিছুটা সময় লাগবে।’ জানা গেছে, ২০০৮ সালের ১৮ জুন এসইসির এক প্রজ্ঞাপনে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর বিধি ৩০-এর (ক) উপবিধি (৪)-এর পরিবর্তে উপবিধি (৪) প্রতিস্থাপন করা হয়। এতে বলা হয়, ‘পোর্টফোলিও ম্যানেজার সাধারণভাবে প্রত্যেক মক্কেলের জন্য পৃথকভাবে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করিবে এবং যে ক্ষেত্রে সমষ্টিগতভাবে সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করা হয়, সে ক্ষেত্রে গড়পড়তা মূল্যে আনুপাতিকভাবে উহার বণ্টন করিবে; তবে শর্ত থাকে যে, অজড় পদ্ধতিতে সংরক্ষিত সিকিউরিটিজের ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজার প্রত্যেক মক্কেলের জন্য পৃথকভাবে সুবিধাভোগী মালিক হিসাব (বিও হিসাব) সংরক্ষণ করিবে। উক্ত হিসাবের পক্ষে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করবে। যে ক্ষেত্রে সমষ্টিগত হিসাবে (অমনিবাসের ন্যায় বিও হিসাব) সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করা হবে, সে ক্ষেত্রে গড়পড়তা মূল্যে আনুপাতিকভাবে নিজ নিজ সুবিধাভোগী মালিক হিসাবে (বিও হিসাব) সিকিউরিটিজ স্থানান্তর করবে।’ বৈঠক শেষে বিএমবিএর সভাপতি বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে কিছুটা সমন্বয়ের অভাব রয়েছে। এসইসি ডিএসইর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব এ সফটওয়্যার চালুর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।