অমনিবাস জটিলতা: আইন আছে পরিপালন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইন্টারনেট ভিত্তিক লেনদেন চালু বা এমএসএ প্লাস সফটওয়্যার চালুর ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ২০০৮ সালের ১৬ জুন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আইন করা হয়। প্রায় চার বছর পার হলেও আজও এর পরিপালন নেই। আর এই আইন পরিপালন নিয়েই সৃষ্টি হয়েছে জটিলতা।ডিএসইর পক্ষ থেকে আইনটি পরিপালন করার চেষ্টা করলেও বাধ সাধছে মার্চেন্ট ব্যাংকগুলো। আর এসইসি এক্ষেত্রে পালন করছে নিরব দর্শকের ভূমিকা। ডিএসইর পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও অমনিবাস সমস্যার কারণে প্রায় দু বছর বিষয়টি ঝুলে রয়েছে। এমনকি এমএসএ প্লাস সফটওয়্যার চালুর ব্যাপারে পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্নও করেছে ডিএসই কর্তৃপক্ষ। অমনিবাস জটিলতা সমাধান হলে যেকোনো সময় ইন্টারনেট ভিত্তিক লেনদেন ব্যবস্থা চালু করা যাবে বলে জানানো হয়েছে ডিএসইর পক্ষ থেকে ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুন এসইসির এক প্রজ্ঞাপনে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর বিধি ৩০ এর (ক) উপবিধি (৪) এর পরিবর্তে উপবিধি (৪) প্রতিস্থাপন করা হয়। এতে বলা হয়, ‘পোর্টফোলিও ম্যানেজার সাধারণভাবে প্রত্যেক মক্কেলের জন্য পৃথকভাবে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করবে এবং যে ক্ষেত্রে সমষ্টিগতভাবে সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করা হয়, তার মূল্য আনুপাতিকভাবে উহার বণ্টন করবে: তবে শর্ত থাকে যে, অজড় পদ্ধতিতে সংরক্ষিত সিকিউরিটিজের ক্ষেত্রে, পোর্টফোলিও ম্যানেজার প্রত্যেক মক্কেলের জন্য পৃথকভাবে সুবিধাভোগী মালিক হিসাব (বিও হিসাব) সংরক্ষণ করবে এবং উক্ত হিসাবের পক্ষে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করবে এবং যে ক্ষেত্রে সমষ্টিগত হিসাবে (অমনিবাসের ন্যায় বিও হিসাব) সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হবে সে ক্ষেত্রে গড়পড়তা মূল্যে আনুপাতিকভাবে নিজ নিজ সুবিধাভোগী মালিক হিসাবে (বিও হিসাব) সিকিউরিটিজ স্থানান্তর করবে।’ এ ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘২০০৮ সালের জুন মাসে এসইসি এ সংক্রান্ত একটি আইন করলেও তা পরিপালনের জন্য তাগিদ দেওয়া হয়নি। এমনকি ওই আইনের কপি মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে অন্তত নয় মাস পরে পৌঁছে। ফলে মার্চেন্ট ব্যাংকগুলোও আইনটি পরিপালন করেনি।’ এদিকে অমনিবাস সমস্যা নিয়ে আজ বুধবার মার্চেন্ট ব্যাংক ও ডিএসইর সঙ্গে বৈঠক করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসইসির সদস্য আরিফ খানের সভাপতিত্বে বৈঠকে ডিএসইর সভাপতি শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজসহ দুই পক্ষের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালু করতে হলে গ্রাহকদের পৃথক বেনিফিশিয়ারি ওনার্স হিসাব বা বিও হিসাব প্রয়োজন রয়েছে। এর পক্ষে ২০০৮ সালের ১৬ জুন এসইসির জারি করা একটি প্রজ্ঞাপনও রয়েছে। সুতরাং নিয়ম অনুযায়ী মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের অধীনে গ্রাহকদের পৃথক বিও হিসাব প্রয়োজন। বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলো একটি অমনিবাস হিসাবের অধীনে গ্রাহকদের পৃথক গ্রাহক কোড ব্যবহার করে থাকে।আহসানুল ইসলাম বলেন, ‘আমরা চাচ্ছি নিয়ম মেনেই এমএসএ প্লাস সফটওয়্যার বা ইন্টারনেট ভিত্তিক লেনদেন ব্যবস্থা চালু হোক’। তিনি আরও বলেন, বিষয়টি আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা এই সমস্যাটি এসইসির সদস্য ও বিএমবিএর নেতাদের কাছে তুলে ধরেছি। এসইসির সদস্য বিষয়টি চেয়ারম্যানকে জানাবেন এবং পরে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। আর অমনিবাসের অধীনে বিও হিসাব চালু করতে সময়ের প্রয়োজন বলে বিএমবিএর পক্ষ থেকে জানানো হয়েছে।এ ব্যাপারে বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, আজকের বৈঠকে এমএসএ প্লাস চালুর ব্যাপারে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে কিছু সমন্বয়ের অভাব রয়েছে। এসইসি, ডিএসইর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সফটওয়্যার চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।এদিকে পুঁজিবাজারের সামপ্রতিক কারসাজি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে মার্চেন্ট ব্যাংকগুলো অমনিবাস হিসাবের অধীনে অনেক অনিয়ম করেছে বলে উল্লেখ করা হয়। এই বিষয়টি সমাধান হলে কারসাজি অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।এ ব্যাপারে কথা বলতে এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি।